হবিগঞ্জে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে যুবক নিহত

হবিগঞ্জের বানিয়াচংয়ে রাতে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে রাকিব মিয়া (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
রোববার (৯ নভেম্বর) রাত ২টার দিকে উপজেলার বড়ইউড়ি ইউনিয়নের বক্তারপুর হাইস্কুল মাঠে একটি ফুটবল টুর্নামেন্ট চলাকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, টুর্নামেন্টে মোক্তারপুর ও কদুপুরের দুটি দল অংশ নেয়। খেলার একপর্যায়ে দুপক্ষের মধ্যে তর্ক-বিতর্কের জেরে সমর্থকদের মধ্যে হাতাহাতি শুরু হয়। পরে উভয়পক্ষ দেশীয় ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে রাকিব মিয়াসহ তিনজন আহত হন।
গুরুতর আহত রাকিব মিয়াকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অপর আহতদের বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক বলেন, রাতে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
