পিরোজপুরে সরকারি রাস্তায় টিনের বেড়া দিয়ে দখলের চেষ্টা

এশিয়া পোস্ট নিউজ, পিরোজপুর
পিরোজপুরে সরকারি রাস্তায় টিনের বেড়া দিয়ে দখলের চেষ্টা
সরকারি রাস্তায় টিনের বেড়া। ছবি: এশিয়া পোস্ট

পিরোজপুরের জিয়ানগরে একটি সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে দখলের চেষ্টার অভিযোগ উঠেছে লিয়াকত আলী (৭০) নামে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) সকালে সরেজমিনে গিয়ে এই চিত্র দেখা যায়। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বালিপাড়া ইউনিয়নের মধ্য বালিপাড়া গ্রামে রাস্তাটি আটকে দেওয়ার ঘটনা ঘটে। অভিযুক্ত লিয়াকত আলী ওই গ্রামের মৃত আশ্রাব আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বালিপাড়া বাজার থেকে চৌকিদারহাট পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ সড়কটি ১৯৯২ সালে তৎকালীন ইউপি চেয়ারম্যান সোবহান হোসেনের উদ্যোগে মাটি ভরাট করে তৈরি করা হয়। পরে ২০২০ সালে স্থানীয় ইউপি সদস্য জামাল হোসেন টিআর, কাবিখা ও এডিপির অর্থায়নে সড়কটিতে ইটের সলিং নির্মাণ করেন। বর্তমানে সরকারি আইডিভুক্ত এই সড়ক দিয়ে জিয়ানগর ও মোরেলগঞ্জ এলাকার প্রায় ২০ থেকে ২৫ হাজার মানুষ নিয়মিত যাতায়াত করেন।

অভিযোগ রয়েছে, মধ্য বালিপাড়া গ্রামের মিজান খানের বাড়ির সামনে প্রায় ৩০০ ফুট সড়কের ইট তুলে তিনটি স্থানে টিনের বেড়া দিয়েছেন লিয়াকত আলী এবং তার দুই ছেলে মিরাজ হোসেন (৩৫) ও সোহেল। এতে সড়কটি দিয়ে জনসাধারণের যাতায়াত কার্যত বন্ধ হয়ে গেছে। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, এটি শতবর্ষের পুরোনো একটি হাঁটাচলার রাস্তা। রাস্তাটি এভাবে হুট করে বন্ধ করে দেওয়ায় আশপাশের সবাই চরম ভোগান্তিতে পড়েছেন।

ছবি: এশিয়া পোস্ট
ছবি: এশিয়া পোস্ট

বালিপাড়া গ্রামের বাসিন্দা ফেরোজা খানম বলেন, আমি ভাইয়ের বাসায় যাওয়ার জন্য বের হয়েছিলাম। কিন্তু এখানে এসে দেখি রাস্তা বেড়া দিয়ে আটকে রাখা হয়েছে। অনেক দিন পর ভাইয়ের বাসায় যেতে চেয়েছিলাম, কিন্তু যাতায়াতের পথ বন্ধ থাকায় শেষ পর্যন্ত আর যেতে পারলাম না।

স্থানীয় ইউপি সদস্য জামাল হোসেন বলেন, মধ্য বালিপাড়ার ৬ নম্বর ওয়ার্ডের ওই সড়কের মিজান খানের বাড়ি থেকে মজিবর মাদবারের বাড়ি পর্যন্ত অংশে দুটি বেড়া দেওয়া হয়েছে। সেখানকার ইট উঠিয়ে রাস্তাটি দখলে নিয়েছেন লিয়াকত ও তার দুই ছেলে। বিষয়টি আমি প্রশাসনকে জানিয়েছি এবং দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে লিয়াকত আলী বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয়রা প্রভাব খাটিয়ে আমার প্রায় ৯ শতক জমির ওপর দিয়ে এই রাস্তা তৈরি করেছিল। তাই আমি এখন আমার নিজস্ব জমিতে বেড়া দিয়ে ঘর তুলেছি।

বালিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম বাবুল জানান, এটি সরকারি আইডিভুক্ত রাস্তা এবং প্রতিদিন ২০ হাজারেরও বেশি মানুষ এই সড়ক ব্যবহার করেন। কিন্তু বৃহস্পতিবার গভীর রাতে লিয়াকত আলী ও তার দুই ছেলে রাস্তার ওপর টিনের বেড়া দিয়ে তা দখলের অবৈধ চেষ্টা চালাচ্ছেন।

জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহাব্বত খান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিষয় :পিরোজপুর