রিপোর্টিং করতে হলে বিএনপির মাধ্যমে করতে হবে: যুবদল নেতা

এশিয়া পোস্ট নিউজ, মানিকগঞ্জ
রিপোর্টিং করতে হলে বিএনপির মাধ্যমে করতে হবে: যুবদল নেতা
দলীয় নেতাকর্মীদের সঙ্গে আলাপকালে দৌলতপুর উপজেলা যুবদলের সদস্যসচিব আব্দুস সালাম। ছবি : সংগৃহীত

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা যুবদলের এক শীর্ষ নেতার সাংবাদিকদের নিয়ে করা আপত্তিকর মন্তব্যকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ ও বিতর্কের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা। অন্যদিকে জেলা যুবদল বিষয়টি খতিয়ে দেখে সংশ্লিষ্ট নেতাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

Advertisement

মঙ্গলবার (২৪ জুন) সকালে একটি প্রতিবাদ মিছিল শেষে দলীয় নেতাকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন বলে জানা গেছে।

ছড়িয়ে পড়া ওই বক্তব্যে দৌলতপুর উপজেলা যুবদলের সদস্যসচিব আব্দুস সালামকে বলতে শোনা যায়, কিছু সাংবাদিক তাদের সংগঠনকে হেয় করার চেষ্টা করছেন। তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘যুবদলের পক্ষ থেকে যেসব তথ্য বা বক্তব্য দেওয়া হবে, সেগুলো প্রচার করার বিষয়ে গুরুত্ব দিতে হবে।’ একপর্যায়ে তিনি বলেন, ‘দৌলতপুরে কোনো সাংবাদিক নেই, শুধু রিপোর্টার আছে। এলাকায় রিপোর্টিং কার্যক্রম পরিচালনা করতে হলে উপজেলা বিএনপির মাধ্যমে করতে হবে।’

এদিকে তার এমন বক্তব্য প্রকাশ পাওয়ার পর সাংবাদিক মহলে তীব্র সমালোচনার ঝড় ওঠে। বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে উপজেলা যুবদলের সদস্যসচিব আব্দুস সালাম দাবি করেন, তিনি মূলত আওয়ামী লীগপন্থী সাংবাদিকদের বিষয়ে ওই বক্তব্য দিয়েছেন। তবে যারা দেশ ও জনগণের স্বার্থে কাজ করেন, তাদের তিনি স্বাগত জানান।

যুবদল নেতার এমন মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে দৌলতপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সালমান খান বলেন, সাংবাদিকতা একটি স্বাধীন ও দায়িত্বশীল পেশা। সাংবাদিকদের নিয়ে এমন অবমাননাকর মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি অনতিবিলম্বে এ ধরনের আপত্তিকর বক্তব্য প্রত্যাহারের দাবি জানান।

এ বিষয়ে জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোশতাক হোসেন দীপু বলেন, সাংবাদিক ও গণমাধ্যম সম্পর্কে এমন মন্তব্য বর্তমান গণতান্ত্রিক চর্চার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। খুব দ্রুতই সংশ্লিষ্ট নেতার কাছে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়ে এ বিষয়ে লিখিত ব্যাখ্যা চাওয়া হবে।