logo

নবীগঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কায় শিশুসহ নিহত ২

নবীগঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কায় শিশুসহ নিহত ২
কাভার্ড ভ্যানের ধাক্কায় দুমড়ে মুচড়ে যাওয়া সিএনজিচালিত অটোরিকশা। ছবি : এশিয়া পোস্ট

হবিগঞ্জের নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে কাভার্ডভ্যানের ধাক্কায় এক বছর বয়সি শিশুসহ যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুটির বাবা-মা গুরুতর আহত হয়েছেন।

শনিবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলার পানিউমদা ইউনিয়নের বড়চর এলাকায় মহাসড়কের পাশে একটি করাতকলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত গিরিরাজ পাল (১) বাহুবল উপজেলার ২ নম্বর পুটিজুরি ইউনিয়নের কল্যাণপুর গ্রামের গোবিন্দ পাল ও স্বর্ণা পালের ছেলে। অন্যদিকে সাইদুর রহমান (২৪) নবীগঞ্জ সদর ইউনিয়নের পূর্ব জাহিদপুর গ্রামের কুরুশ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা মহাসড়কে উঠছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনায় শিশু গিরিরাজ, তার বাবা-মা এবং অটোরিকশায় থাকা সাইদুর রহমান গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশু গিরিরাজকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সাইদুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে নেওয়ার পথে তাজপুর এলাকায় তাঁর মৃত্যু হয়। পরে তার মরদেহ নবীগঞ্জে নিয়ে আসা হয়।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী দুর্ঘটনায় দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

রবিউল ইসলাম

সম্পাদনা

রবিউল ইসলাম

সাব এডিটর | এশিয়া পোস্ট