সাড়ে ১৬ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আষাড়িয়ারচর সেতুতে সংস্কারকাজ শেষ হওয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে যান চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার (২৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে এই লেনটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়।
শনিবার দুপুর ১২টার দিকে এশিয়া পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল ইসলাম।
তিনি জানান, আষাড়িয়ারচর সেতুর ঢাকামুখী লেনে জরুরি সংস্কারকাজ চলছিল। কাজ শেষ হওয়ায় এখন মহাসড়কের ওই অংশে যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করছে।
এর আগে, শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে মহাসড়কের ঢাকামুখী যানজট সৃষ্টি হয়। এদিন দুপুর থেকে সেতুতে সংস্কারকাজ শুরু করে করে সড়ক বিভাগ। এতে শনিবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত মহাসড়কের ঢাকামুখী লেন সাড়ে ১৬ ঘণ্টা বন্ধ ছিল।
সংস্কারকাজের কারণে মহাসড়কের ঢাকামুথী লেন বন্ধ রেখে অপর লেন দিয়ে পর্যায়ক্রমে যানবাহন চলাচল করায় তীব্র যানজটের সৃষ্টি হয়। কুমিল্লার চান্দিনা পর্যন্ত প্রায় ৪২ কিলোমিটার যানজট ছাড়িয়ে যায়। এতে ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেম দাস বলেন, স্বাভাবিকভাবে গাড়ি চলাচল শুরু হয়েছে। দ্রুত সময়ের মধ্যে জট কেটে যাবে। রাস্তা সংস্কারের কাজটি শেষ হয়েছে বলে জানতে পারলাম।



