একই নারীর সঙ্গে প্রেম, ভাগনের হাতে মামা খুন

কুমিল্লার মুরাদনগরে একই বিধবা নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধের জেরে মামাকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় ভাগনেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৫ অক্টোবর) বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে, শনিবার (২৪ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার বাঙ্গরা বাজার থানার আকুবপুর ইউনিয়নের কুড়েরপাড় গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত মাসুদ মিয়া (৪০) ওই গ্রামের মৃত হাসন আলীর ছেলে। তিনি পেশায় ভাঙারি ব্যবসায়ী ছিলেন। গ্রেপ্তার মিলন মিয়া ওরফে শিপন (২৩) একই উপজেলার কুরবানপুর গ্রামের আনিস মিয়ার ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে মাসুদ মিয়া পাশের একটি মুদি দোকানে গেলে শিপন তাকে ডেকে বাইরে নিয়ে যান। পরে দোকান থেকে কিছুটা দূরের একটি ফাঁকা জায়গায় তাকে ছুরিকাঘাত করা হয়। ধস্তাধস্তির শব্দ শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে শিপন পালিয়ে যান। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মাসুদের মৃত্যু হয়।

নিহতের পরিবার ও স্থানীয় বাসিন্দাদের দাবি, একই বিধবা নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে মামা-ভাগনের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে এর আগে তাদের মধ্যে মারধরের ঘটনাও ঘটে। ওই বিরোধের জেরেই মাসুদকে হত্যা করা হয়েছে বলে দাবি তাদের।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. আনোয়ার হোসেন এশিয়া পোস্টকে বলেন, প্রেমসংক্রান্ত বিরোধের জেরে হত্যাকাণ্ডটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রোববার বিকেলে অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

