২০ মাস পর ময়নাতদন্তের জন্য দুই যুবকের লাশ উত্তোলন

সিরাজগঞ্জের তাড়াশে মামলার হাজিরা দিতে আদালতে যাওয়ার পথে মাইক্রোবাসচাপায় (হাইস) নিহত দুই যুবককে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার ২০ মাস চার দিন পর আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য কবর থেকে তাদের লাশ উত্তোলন করা হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলার সগুনা ইউনিয়নের হেমনগর গ্রামের পারিবারিক কবরস্থান থেকে লাশ দুটি উত্তোলন করা হয়। উত্তোলনের পর ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহতরা হলেন হেমনগর গ্রামের প্রয়াত আজিজ ফারুকীর ছেলে রোকুনুজ্জামান রোকন ফারুকী ও তার প্রতিবেশী ভাতিজা নাসির উদ্দিন নান্টু।
লাশ উত্তোলনের সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) সাইফুল ইসলাম, তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সায়েমসহ পুলিশ সদস্য, নিহতদের পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ২৪ মার্চ জমিসংক্রান্ত একটি মামলায় হাজিরা দিতে আদালতে যাচ্ছিলেন রোকুনুজ্জামান ও নাসির উদ্দিন। পথে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানার হরিণচড়া বাজার এলাকায় মাইক্রোবাসের চাপায় তাদের মৃত্যু হয়। সে সময় ঘটনাটিকে সড়ক দুর্ঘটনা উল্লেখ করে হাটিকুমরুল হাইওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছিল।
নিহতদের পরিবারের দাবি, এটি কোনো দুর্ঘটনা নয়, বরং জমিসংক্রান্ত বিরোধের জেরে পরিকল্পিত হত্যাকাণ্ড। এ ঘটনায় চলতি বছরের ১০ সেপ্টেম্বর সিরাজগঞ্জের সলঙ্গা থানার আমলি আদালতে পাঁচজনকে আসামি করে হত্যা মামলা করেন ফেরদৌস মামুন ওরফে শাওন ফারুকী।
মামলার আসামিরা হলেন হেমনগর গ্রামের আব্দুল ওয়াহাবের ছেলে ও প্রধান আসামি মোনায়েম হোসেন জেমস (৩৫), তার ছোট ভাই জাকির হোসেন (২৭), বাবা আব্দুল ওয়াহাব (৫২) এবং জেমসের দুই সহযোগী মোহাম্মদ রাসেল সরকার (২২) ও মোহাম্মদ শাকিল হোসেন ওরফে শুটার শাকিল (২২)। আদালত মামলাটি গ্রহণ করে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এজাহার হিসেবে নথিভুক্ত করার নির্দেশ দেন। একই সঙ্গে নিহত দুজনের লাশ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তের আদেশ দেন।
নিহত রোকুনুজ্জামানের ছোট ভাই ও মামলার বাদী ফেরদৌস মামুন ওরফে শাওন ফারুকী অভিযোগ করেন, তার চাচা আব্দুল ওয়াহাব ও চাচাতো ভাই মোনায়েম হোসেন জেমস পরিকল্পিতভাবে গাড়িচাপা দিয়ে তার ভাই ও প্রতিবেশী ভাতিজাকে হত্যা করেছেন।
সিরাজগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন বলেন, আদালতের আদেশ অনুযায়ী কবরস্থান থেকে লাশ দুটি উত্তোলন করা হয়েছে।


