কেকে নেই ওজন ও মেয়াদের তথ্য, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

রাজশাহীর পুঠিয়ায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও প্রদর্শনের পাশাপাশি খাদ্যপণ্যের মোড়কে প্রয়োজনীয় তথ্য না থাকায় দুটি প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বানেশ্বর ট্রাফিক মোড় এলাকায় এই অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহীর সহকারী পরিচালক বিপুল বিশ্বাস।
অভিযানকালে ‘নিউ হিরা অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরি’তে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির তথ্য পাওয়ার পাশাপাশি বিক্রির জন্য তা সাজিয়ে রাখার প্রমাণ মেলে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির উৎপাদিত কেকের মোড়কে ওজন, উপাদান ও মেয়াদোত্তীর্ণের তারিখসহ প্রয়োজনীয় তথ্য উল্লেখ না থাকায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও বিক্রির উদ্দেশ্যে প্রদর্শনের অভিযোগে ‘হুমাইদ স্টোর’কে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান শেষে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহীর সহকারী পরিচালক বিপুল বিশ্বাস জানান, জনস্বার্থ সুরক্ষা এবং বাজারে পণ্যের গুণগত মান ও মূল্যসংক্রান্ত অনিয়ম প্রতিরোধে এই ধরনের তদারকি অব্যাহত থাকবে।



