বন্যার্তদের পাশে সেনাবাহিনী, নদীপথে চলছে ভ্রাম্যমাণ চিকিৎসা

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় সৃষ্ট বন্যা পরিস্থিতিতে পানিবন্দি মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বন্যাকবলিত মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে এবং দুর্ভোগ লাঘবে মহালছড়ি সেনা জোন নিয়মিত মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে ভ্রাম্যমাণ মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ শুরু করেছে।
গত এক সপ্তাহ ধরে চলা টানা ভারী বর্ষণে মহালছড়ির বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে হাজারো মানুষ পানিবন্দি হয়ে চরম দুর্ভোগে পড়েন। দুর্গম ও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন এলাকার মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে সেনাবাহিনীর মেডিকেল টিম নদীপথে ইঞ্জিনচালিত নৌকায় করে বাড়ি বাড়ি গিয়ে সেবা প্রদান করছে।

মহালছড়ি সেনা জোনের রেজিমেন্টাল মেডিকেল অফিসার (আরএমও) বলেন, বর্তমান বন্যা পরিস্থিতিতে দুর্গম এলাকার অনেক মানুষই প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এই মানবিক সংকট বিবেচনা করে মহালছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আল জাবির আসিফের নির্দেশনায় একটি বিশেষ ভ্রাম্যমাণ মেডিকেল টিম গঠন করা হয়েছে।
তিনি আরও বলেন, বন্যার কারণে যেসব এলাকার মানুষ হাসপাতালে এসে চিকিৎসা নিতে পারছেন না, আমরা নদীপথে তাদের দোরগোড়ায় পৌঁছে চিকিৎসাসেবা নিশ্চিত করছি এবং বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করছি। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত মহালছড়ি সেনা জোনের এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
এদিকে চিকিৎসাসেবা পেয়ে সেনাবাহিনীর এই সময়োপযোগী ও মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা জানান, চারদিকে পানিবন্দি থাকায় অসুস্থ রোগীদের হাসপাতালে নেওয়ার কোনো উপায় ছিল না। সেনাবাহিনীর সদস্যরা নিজ দায়িত্বে দুর্গম এলাকায় এসে চিকিৎসা দিয়ে যাওয়ায় শিশু, বৃদ্ধ ও প্রসূতি মায়েরা বিশেষভাবে উপকৃত হচ্ছেন।





