logo

আ.লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে আনলেন বিএনপি নেতা, পেলেন শোকজ

আ.লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে আনলেন বিএনপি নেতা, পেলেন শোকজ
বাঁ থেকে বিএনপি নেতা গোলাপ হোসেন ও আ.লীগ নেতা জাহাঙ্গীর আলম। ছবি: এশিয়া পোস্ট কোলাজ

শেরপুরের ঝিনাইগাতীতে নাশকতার অভিযোগে গ্রেপ্তার হওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এক নেতাকে থানা থেকে মুচলেকা দিয়ে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ধানশাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাপ হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে উপজেলা বিএনপি।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে সাংবাদিকদের এসব তথ্য জানায় উপজেলা বিএনপি।

এর আগে, সোমবার রাতে উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজাহান আকন্দ ও সদস্য সচিব লুৎফর রহমান স্বাক্ষরিত ওই নোটিশ গোলাপ হোসেনের কাছে পাঠানো হয়। নোটিশে আগামী সাতদিনের মধ্যে লিখিতভাবে অভিযোগের জবাব দিতে বলা হয়েছে।

জানা গেছে, গত ৫ নভেম্বর রাতে ধানশাইল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য জাহাঙ্গীর আলমকে নাশকতার অভিযোগে গ্রেপ্তার করে ঝিনাইগাতী থানা পুলিশ। তবে অভিযোগ রয়েছে, আটকের পর ধানশাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাপ হোসেন থানায় গিয়ে মুচলেকা দিয়ে নিজের জিম্মায় তাকে ছাড়িয়ে নিয়ে আসেন। এ ঘটনায় আর্থিক লেনদেনের অভিযোগও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনসহ এলাকায় শুরু হয় আলোচনা-সমালোচনা।

এদিকে, এ বিষয়ে জাহাঙ্গীর আলমের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে প্রথমে তিনি নিজেকে বিএনপির ত্যাগী কর্মী বলে দাবি করেন। তবে, কথোপকথনের একপর্যায়ে স্বীকার করেন, তিনি ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম আব্দুল্লাহেল ওয়ারেজ নাঈমের একনিষ্ঠ কর্মী ছিলেন। তার উপজেলা পরিষদ নির্বাচন এবং ২০২৪ সালের নির্বাচনেও কাজ করেছেন।

থানা থেকে ছাড়িয়ে নেওয়ার বিষয়ে জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, আমি বিএনপির কর্মী। আমাকে গোলাপ মাস্টার এমনিতেই নিজের জিম্মায় ছাড়িয়ে নিয়ে গেছে।

এ বিষয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজাহান আকন্দ বলেন, দলীয় শৃঙ্খলা ও নীতি-আদর্শের বাইরে কোনো কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয়। অভিযোগের বিষয়ে গোলাপ হোসেনের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। তার জবাব পর্যালোচনা করে সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হবে।

উপজেলা বিএনপির সদস্য সচিব লুৎফর রহমান বলেন, দলীয় পদ-পদবি ব্যবহার করে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ গুরুত্বের সাথে দেখা হচ্ছে। গোলাপ হোসেনকে সাতদিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। তার জবাব সন্তোষজনক না হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এসব অভিযোগের বিষয়ে জানতে গোলাপ হোসেনের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও ফোন রিসিভ হয়নি। তার বক্তব্য জানতে তার বাড়িতে গেলেও তাকে বাড়িতে পাওয়া যায়নি।