logo

একসঙ্গে ২ হাজার কারখানায় ছুটি, গাজীপুরে ঘরমুখো মানুষের ভিড়

একসঙ্গে ২ হাজার কারখানায় ছুটি, গাজীপুরে ঘরমুখো মানুষের ভিড়

গাজীপুর দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলের ঘরমুখো মানুষের ভিড় বেড়েছে। এতে মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে কয়েকগুণ। যাত্রীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে। 

কারখানা ও শিল্প পুলিশ সূত্র জানায়, গাজীপুরে প্রায় ২ হাজার ৮৩৬টি নিবন্ধিত শিল্প-কারখানা রয়েছে। এই কারখানাগুলোর সিংহভাগই তৈরি পোশাক এবং টেক্সটাইল খাতের অন্তর্ভুক্ত। বুধবার (১৮ মার্চ) একসঙ্গে প্রায় ২ হাজারের মতো শিল্পকারখানা ছুটি হয়েছে।

শ্রমিকরা জানন, অধিকাংশ কারখানায় দুপুর ১২টা পর্যন্ত ডিউটি করানো হয়েছে। ছুটি হওয়ায় সঙ্গে সঙ্গে তারা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন। দুপুর থেকে মহাসড়কে যাত্রী বেড়েছে কয়েকগুণ।

ফুলপরী নামে এক পোশাক শ্রমিক বলেন, বাসের টিকিট পাওয়া কষ্ট। রংপুরে হাইজ (মাইক্রোবাস) যাচ্ছে, ভাড়া চাচ্ছে ১৬০০ টাকা। অনেকেই যাচ্ছে কিন্তু আমাদের এত টাকা দিয়ে যাওয়া কষ্টকর। বাড়িতে আসা-যাওয়াতেই তো আমাদের বোনাসের টাকা শেষ হয়ে যায়। 

আব্দুল করিম নামে এক যাত্রী বলেন, চন্দ্রা থেকে সিরাজগঞ্জের ভাড়া ৩০০ টাকা। আজ ৮০০ টাকার নিচে কোন পরিবহন যাচ্ছে না। গাড়িও সুবিধাজনক নয়। এটা একধরনের জিম্মি করে অর্থ আদায়।

কোনাবাড়ী নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, যাত্রীদের অতিরিক্ত চাপ তৈরি হয়েছে। বেশি ভাড়া নেওয়ার বিষয়টি প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে। 

ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক চন্দ্রায় সাংবাদিকদের বলেন, অতিরিক্ত ভাড়া নিলে ব্যবস্থা নেওয়া হবে। আপনার বলেছেন আমরা নজরদারিতে রেখেছি।