logo

ময়মনসিংহ বাস টার্মিনালে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা

ময়মনসিংহ বাস টার্মিনালে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা
ময়মনসিংহ সিটি করপোরেশনের উদ্যোগে মাসকান্দা বাস টার্মিনালে পরিচালিত উচ্ছেদ অভিযান। ছবি : এশিয়া পোস্ট

ময়মনসিংহের মাসকান্দা বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন।

সোমবার (২ নভেম্বর) দুপুরে সিটি করপোরেশন প্রশাসকের নেতৃত্বে কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে এ অভিযান চালানো হয়। দুই ঘণ্টাব্যাপী পরিচালিত অভিযানে ১১টি অবৈধ দোকান বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।

অভিযান শেষে সিটি প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন জানান, মাসকান্দা বাসটার্মিনাল ময়মনসিংহের কেন্দ্রীয় বাসটার্মিনাল। এখানে পর্যাপ্ত গাড়ি পার্কিং ও চালকদের বিশ্রামের জায়গার অভাব রয়েছে, যার ফলে যাত্রীরা দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন। ১০ দিন আগে এসব অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য সিটি করপোরেশন থেকে নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তা না সরানোয় এ অভিযান চালানো হয়। অন্যান্য অবৈধ স্থাপনাগুলো আগামী রোববারের মধ্যে নিজ উদ্যোগে অপসারণ করার নির্দেশ দেওয়া হয়েছে, অন্যথায় আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও জানান, উচ্ছেদের পর যাত্রী ও চালকদের সুবিধার জন্য বিশ্রামাগার, ওয়াশরুম, মসজিদ এবং নারীদের জন্য আলাদা শীতাতপ নিয়ন্ত্রিত বিশ্রামাগারের ব্যবস্থাসহ টার্মিনালের শৃঙ্খলা ফেরাতে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড হাতে নেওয়া হবে। এ ছাড়া উচ্ছেদ হওয়া ব্যবসায়ীদের পুনর্বাসনের জন্য বিকল্প স্থান/দোকান বুঝিয়ে দেওয়া হয়েছে।

অভিযান পরিচালনাকালে সিটি করপোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।