গাছে বেঁধে দুই মোটরসাইকেল ছিনতাই, নিয়ে গেল মিলাদের খিচুড়িও
-84d128-720x405.webp)
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অস্ত্রের মুখে জিম্মি করে দুই ব্যক্তির কাছ থেকে দুটি মোটরসাইকেল, নগদ টাকা এবং মিলাদের খিচুড়ি ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ভুক্তভোগীদের একটি মেহগনি বাগানে নিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখে দুর্বৃত্তরা।
সোমবার (৩১ আগস্ট) রাত ৮টা থেকে ১০টার মধ্যে উপজেলার বেলগাছি ইউনিয়নের ফরিদপুর গ্রামের ঘোড়ামারা মাঠে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগীরা হলেন—ফরিদপুর গ্রামের হারাম মণ্ডলের ছেলে বিপ্লব হোসেন ও জেহালা ইউনিয়নের গড়চাপড়া গ্রামের বদরুদ্দিনের ছেলে শুকুর আলী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগীরা পৃথক মোটরসাইকেলে করে গড়চাপড়া গ্রামের দিকে যাওয়ার পথে ঘোড়ামারা মাঠের একটি কালভার্টের কাছে পৌঁছালে মুখোশধারী সশস্ত্র দুর্বৃত্তরা তাদের গতিরোধ করে। এরপর অস্ত্রের মুখে তাদের পাশের একটি মেহগনি বাগানে নিয়ে হাত-মুখ বেঁধে গাছের সঙ্গে আটকে রাখা হয়।
ভুক্তভোগী বিপ্লব হোসেন জানান, দুর্বৃত্তরা তার মোটরসাইকেলের গতিরোধ করে বাগানে নিয়ে যায় এবং নগদ ২ হাজার টাকাসহ মোটরসাইকেলটি ছিনিয়ে নেয়।
অপর ভুক্তভোগী শুকুর আলী জানান, দুই সন্তানকে সঙ্গে নিয়ে আত্মীয়ের বাড়ির মিলাদ শেষে ফিরছিলেন তিনি। দুর্বৃত্তরা তার মোটরসাইকেল ছিনিয়ে নেয় এবং সন্তানদেরসহ তাদের গাছে বেঁধে রেখে নগদ টাকা ও মিলাদের তিন প্যাকেট খিচুড়ি নিয়ে যায়।
পরে শুকুর আলী কৌশলে হাতের বাঁধন খুলে দুই সন্তানকে নিয়ে গ্রামে গিয়ে লোকজনকে বিষয়টি জানান। গ্রামবাসী ঘটনাস্থলে পৌঁছে কাউকে দেখতে পাননি।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাণী ইসরাইল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ছিনতাই হওয়া মোটরসাইকেল উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।



