logo

কুমিল্লায় বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ৩৫

কুমিল্লায় বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ৩৫
কুমিল্লায় দুই পক্ষের সংঘর্ষে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। ছবি : এশিয়া পোস্ট

কুমিল্লার মেঘনা উপজেলায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজন টেঁটাবিদ্ধ হয়েছেন বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোরে উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের নলচর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় উভয় পক্ষের লোকজন একে অপরকে লক্ষ্য করে ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, চালিভাঙ্গা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রবিউল্লাহ রবি সরকার ও স্থানীয় বিএনপি নেতা আবদুল বারেকের মধ্যে দীর্ঘদিন ধরে রাজনৈতিক আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে মঙ্গলবার ভোরে দুই পক্ষের সমর্থকরা রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়েন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে প্রথমে আবদুল বারেকের পক্ষের সমর্থকেরা রবিউল্লাহ রবির লোকজনের ওপর হামলা চালান। পরে রবি সরকারের পক্ষের লোকজন সংঘবদ্ধ হয়ে পাল্টা হামলা চালালে পরিস্থিতি রণক্ষেত্রে পরিণত হয়। ধাওয়া-পাল্টাধাওয়ার সময় উভয় পক্ষ ইটপাটকেল নিক্ষেপ করে এবং এতে বেশ কয়েকজন টেঁটাবিদ্ধ হন।

অভিযোগের বিষয়ে জানতে চালিভাঙ্গা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রবিউল্লাহ রবি সরকার ও বিএনপি নেতা আবদুল বারেকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, ভোরে নলচর গ্রামে রবিউল্লাহ রবি ও বারেক প্রধানের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুই পক্ষই ইটপাটকেল নিক্ষেপ করেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।