logo
Advertisement

বঙ্গোপসাগরে ১১ জেলেসহ ট্রলারডুবি, ছয়জন নিখোঁজ

এশিয়া পোস্ট নিউজ, পটুয়াখালী
বঙ্গোপসাগরে ১১ জেলেসহ ট্রলারডুবি, ছয়জন নিখোঁজ
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে বঙ্গোপসাগরে প্রবল স্রোত ও উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ১১ জন জেলেসহ মাছ ধরার একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় পাঁচ জেলেকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও দুর্ঘটনার প্রায় দুই দিন পেরিয়ে গেলেও এখনও নিখোঁজ রয়েছেন ছয় জেলে।

Advertisement

রোববার (৫ জুলাই) রাত ১০টার দিকে রাঙ্গাবালী উপজেলার মৌডুবী এলাকা থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণে গভীর বঙ্গোপসাগরে মাছ ধরার সময় এ দুর্ঘটনা ঘটে।

উদ্ধার হওয়া জেলেরা হলেন— বায়েজিদ, ইমাদুল সিকদার, নাজমুল, রাকিব ও সজিব। অন্যদিকে এখনও নিখোঁজ রয়েছেন পানপট্টি ইউনিয়নের তুলারাম গ্রামের ইমাদুল খা (৪৫), খরিদা গ্রামের হারুন (৬০), গজালিয়া ইউনিয়নের আদানী গ্রামের ফরকান (৪৫), সায়েদ (২০), আল-আমিন (৪০) ও গলাচিপা সদর ইউনিয়নের পক্ষিয়া গ্রামের আক্কাস (২৫)।

উদ্ধার হওয়া জেলেরা জানান, গলাচিপার পানপট্টি ইউনিয়নের খরিদা গ্রামের ইমাদুল সিকদারের মালিকানাধীন ট্রলারটি শনিবার (৪ জুলাই) রাতে ১১ জন জেলেকে নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে গভীর বঙ্গোপসাগরের দিকে রওনা হয়। পরদিন রোববার রাতে সাগরে প্রবল স্রোত ও বিশাল ঢেউয়ের আঘাতে ট্রলারটি উল্টে ডুবে যায়।

এ সময় জেলেরা ট্রলারের বিভিন্ন অংশ ও একটি বয়া আঁকড়ে ধরে প্রায় ছয় ঘণ্টা সাগরে ভাসতে থাকেন। পরে রাত ৩টার দিকে একই এলাকার ইমাম সিকদারের একটি মাছ ধরার ট্রলার তাদের দেখতে পেয়ে পাঁচজনকে জীবিত উদ্ধার করে।

ট্রলারডুবির প্রায় দুই দিন পেরিয়ে গেলেও এখনও ছয় জেলের কোনো সন্ধান মেলেনি। তাদের উদ্ধারে স্থানীয় জেলে ও মাছ ধরার ট্রলারগুলো সাগরে তল্লাশি চালিয়ে যাচ্ছে।

গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজার মো. ইজাজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রলারডুবির খবর পাওয়ার পরপরই রাঙ্গাবালী ও কলাপাড়া উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করা হয়েছে। জেলেদের উদ্ধারে কোস্ট গার্ডের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।