logo

মেয়ের জন্য ব্যবসায়ীর কাছে ল্যাপটপ দাবি করা ওসিকে প্রত্যাহার

মেয়ের জন্য ব্যবসায়ীর কাছে ল্যাপটপ দাবি করা ওসিকে প্রত্যাহার

ব্যবসায়ীর কাছে এক লাখ টাকা অথবা মেয়ের জন্য ল্যাপটপ দাবি করা কুষ্টিয়ার খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোতালেব হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। সোমবার (০২ মার্চ) তাকে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ওসি মোতালেব হোসেনকে খোকসা থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। অভিযোগের বিষয়ে বিভাগীয় তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে।

খোকসা উপজেলার এক ইলেকট্রনিক্স ব্যবসায়ী ওসির বিরুদ্ধে এক লাখ টাকা অথবা একটি ল্যাপটপ দাবির অভিযোগ তুলে গত ২৭ ফেব্রুয়ারি জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেন।

আবেদনে উল্লেখ করা হয়, শিমুলিয়া ইউনিয়নের এক আওয়ামী লীগ নেতার কাছ থেকে এক লাখ টাকা অথবা ওসির মেয়ের জন্য একটি ল্যাপটপ সংগ্রহ করে দিতে চাপ দেওয়া হয়। এতে অস্বীকৃতি জানালে বিভিন্ন সময় হুমকি দেওয়া হয়।

কুষ্টিয়া জেলা পুলিশ সুপার (এসপি) মো. জসিমউদ্দিন জানান, এ বিষয়ে আলোচনা সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে খোকসা থানার ওসিকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। সত্য-মিথ্যা যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে।