logo
Advertisement

লক্ষ্মীপুরে গ্রাম্য মাতব্বরকে গুলি

এশিয়া পোস্ট নিউজ,লক্ষ্মীপুর
লক্ষ্মীপুরে গ্রাম্য মাতব্বরকে গুলি
মানচিত্রে লক্ষ্মীপুর। স্বত্ত্ব: এশিয়া পোস্ট গ্রাফিক্স

লক্ষ্মীপুর সদর উপজেলায় নজরুল ইসলাম পাটোয়ারী নামে ৭০ বছর বয়সি এক গ্রাম্য মাতব্বরকে গুলি করার ঘটনা ঘটেছে।

Advertisement

শনিবার (৪ জুলাই) বিকাল পাঁচটার দিকে উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের রশিদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঘটনার পর অভিযুক্ত পালিয়ে যান। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে পুলিশ টহল অব্যাহত রেখেছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবেশী ইসমাইল হোসেন ফারুকের পারিবারিক বিরোধ মীমাংসায় এলাকার মাতব্বর হিসেবে নজরুল ইসলাম পাটোয়ারী ভূমিকা রাখেন। এ ঘটনায় ফারুকের সন্তান সৈকত হোসেন আশিক ক্ষুব্ধ হন। তিনি পেছন থেকে একটি পিস্তল বের করে নজরুল ইসলামকে লক্ষ্য করে গুলি ছোড়েন। গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যান।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের চিকিৎসক ডা. শামীমুর রহমান জানান, আহত ব্যক্তির বাম হাতে গুলি লেগেছে। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন নজরুল ইসলাম জানান, ফারুকের পারিবারিক বিরোধ মীমাংসা করায় তার ছেলে ক্ষিপ্ত হয়ে গুলি করে হত্যার চেষ্টা করেন। সৈকতের বাবা রক্ষা করতে এগিয়ে এলে তাকেও গুলি করার হুমকি দেওয়া হয়।

এ বিষয়ে সৈকত হোসেন আশিকের বাবা ইসমাইল হোসেন বলেন, সৈকত আগে সন্ত্রাসী ছিল না। অনেক টাকা খরচ করে তাকে বিদেশে পাঠিয়েছি। বিয়ে করিয়েছি, ব্যবসাও ধরিয়ে দিয়েছি। কিন্তু কীভাবে তার হাতে অস্ত্র এল, কেন সে নিজের দাদাকে গুলি করল—তা আমি বুঝতে পারছি না। এখন ছেলের সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে আমিও নিরাপত্তাহীনতায় ভুগছি।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এলাকায় অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।