logo

‘ম্যাডাম’ বলায় যুবককে থানায় আটকে রাখলেন পুলিশ কর্মকর্তা

‘ম্যাডাম’ বলায় যুবককে থানায় আটকে রাখলেন পুলিশ কর্মকর্তা

বগুড়ার শেরপুর থানায় পুলিশের এক নারী উপপরিদর্শককে (এসআই) ‘ম্যাডাম’ বলে সম্বোধন করার কারণে এক যুবককে থানায় আটকে রাখা হয়।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১০টার দিকে ওই যুবককে দেড় ঘণ্টা আটকে রাখার পর পরিবারের সদস্যরা এসে মুচলেকা দিলে ছেড়ে দেওয়া হয়।

ভুক্তভোগী যুবকের নাম নূর মোহাম্মদ। তার অভিযোগ, সকাল সাড়ে ১০টার দিকে থানায় যান তিনি। ডিউটি অফিসার এসআই রোখসানাক খাতুনকে ‘ম্যাডাম’ বলে সম্বোধন করে কথা বলতে চান। এতে ওই কর্মকর্তা ক্ষিপ্ত হয়ে ওঠেন।

অভিযোগ রয়েছে, এসআই রোখসানা খাতুন আগেও সেবাগ্রহীতাদের সঙ্গে অপেশাদার আচরণ করেছিলেন। কয়েক মাস আগে দুর্ব্যবহারের শিকার হন রেজাউল করিম ও নাইম ইসলাম।

ইমরান হোসেন নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, প্রায় পাঁচ মাস আগে তিনি ওই কর্মকর্তার আচরণ নিয়ে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীনের কাছে মৌখিক অভিযোগ করেছিলেন।

থানার কয়েকজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, এসআই রোখসানার আচরণ ও মেজাজ নিয়ে সহকর্মীদের মধ্যেও অস্বস্তি রয়েছে।

এ বিষয়ে জানতে এসআই রোখসানা খাতুনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। এসআই রোখসানা খাতুনের বিরুদ্ধে কিছু মৌখিক অভিযোগ পাওয়া গেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।