logo

তিন হাজার লিটার পেট্রোলসহ আটক ১১ জনকে পুলিশে সোপর্দ

তিন হাজার লিটার পেট্রোলসহ আটক ১১ জনকে পুলিশে সোপর্দ

জামালপুর সদর উপজেলার কালিবাড়ী বাজার এলাকায় কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় প্রায় তিন হাজার লিটার পেট্রোলসহ ১১ জনকে আটক করে স্থানীয় জনতা। মঙ্গলবার (২৪ মার্চ) মধ্যরাতে তাদের আটক করা হয়। আজ বুধবার (২৫ মার্চ) বিকেলে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।

আটক ব্যক্তিরা হলেন- জামালপুরের মেলান্দহ উপজেলার হাকিম মিয়া, হামিদুর রহমান, মো. মারুফ হোসেন, সদর উপজেলার হাফিজুর রহমান, মাদারগঞ্জ উপজেলার মো. শাহ জামাল, আলতাফুর রহমান, সরিষাবাড়ী উপজেলার মো. জুগলু মিয়া, মো. জহুরুল ইসলাম, মো. সবুজ মিয়া, বগুড়া জেলার ফুল মিয়া ও মনির হোসেন। 

স্থানীয়রা জানান, গতকাল মধ্যরাতে কয়েকটি যানবাহনে ১৫টি ড্রামে করে পেট্রোল নিয়ে যাওয়ার সময় বিষয়টি নজরে আসে এলাকাবাসীর। এ সময় সন্দেহ হলে স্থানীয়রা গাড়িগুলো থামিয়ে তল্লাশি চালায়। গাড়িগুলোতে বিপুল পরিমাণ পেট্রোল দেখতে পেয়ে তারা গাড়িতে থাকা ১১ জনকে আটক করে।

জামালপুর থানার ওসি মিজানুর রহমান বলেন, এলাকাবাসী মধ্যরাতে ১১ জনকে আটক করে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে বুধবার বিকেলের দিকে আটক ব্যক্তিদের থানায় আনে। এই বিষয়ে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ওসি জানান, খোলা বাজারে অধিক মূল্যে বিক্রির জন্য এই তেলগুলো নিয়ে যাওয়া হচ্ছিলে। তবে কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, সেই বিষয়টি তদন্তের পর জানা যাবে।