logo

বৃষ্টির স্মৃতিবিজড়িত জিনিসপত্র যুক্তরাষ্ট্র থেকে দেশে আনা হবে

বৃষ্টির স্মৃতিবিজড়িত জিনিসপত্র যুক্তরাষ্ট্র থেকে দেশে আনা হবে

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে হত্যার শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির ব্যবহৃত ব্যক্তিগত জিনিসপত্র পরিবারের কাছে ফিরিয়ে আনার আশ্বাস দিয়েছে প্রশাসন।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে মাদারীপুরে বৃষ্টির গ্রামের বাড়িতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে গিয়ে এই আশ্বাস দেন জেলা প্রশাসক (ডিসি) মর্জিনা আক্তার।

এ সময় তার সঙ্গে ছিলেন মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াদিয়া শাবাব। তারা পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

বৃষ্টির গ্রামের বাড়ি মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চর গোবিন্দপুর এলাকায়। তার পরিবার ঢাকায় বসবাস করে। বৃষ্টির বাবা জহির উদ্দিন আকন ঢাকায় অবস্থান করায় জেলা প্রশাসক তার সঙ্গে ফোনে কথা বলে সমবেদনা জানান।

এ সময় উপস্থিত ছিলেন বৃষ্টির চাচা দানিয়াল আকন, হেদায়েত আকন, মো. ওবায়দুর আকন, খোয়াজপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মাসুদুর রহমান এবং ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বাদল ব্যাপারীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

জেলা প্রশাসক মর্জিনা আক্তার বলেন, যুক্তরাষ্ট্রে নৃশংসভাবে হত্যার শিকার বৃষ্টির ঘটনাটি আমাদের সবার জন্য অত্যন্ত বেদনাদায়ক। বৃষ্টি আমাদেরই সন্তান। তার এমন মৃত্যু গোটা সমাজকে ব্যথিত করেছে। পরিবারটির পাশে আছি—এই বার্তা দিতেই আমরা তার গ্রামের বাড়িতে এসেছি।

তিনি জানান, বৃষ্টির ব্যবহৃত ব্যক্তিগত জিনিসপত্র যেন দ্রুত পরিবারের কাছে ফিরিয়ে আনা যায়, সে বিষয়ে প্রশাসন গুরুত্ব সহকারে কাজ করছে। কারণ, এসব স্মৃতিই পরিবারের জন্য শেষ অবলম্বন হয়ে থাকবে।