logo
Advertisement

নারায়ণগঞ্জে গার্মেন্টস কর্মকর্তা শুভ্র হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ
নারায়ণগঞ্জ, ঢাকা
নারায়ণগঞ্জে গার্মেন্টস কর্মকর্তা শুভ্র হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন
আদালত প্রাঙ্গণে দণ্ডপ্রাপ্ত আসামিরা। ছবি : এশিয়া পোস্ট

নারায়ণগঞ্জের ফতুল্লায় গার্মেন্টস কর্মকর্তা সাখাওয়াত হোসেন শুভ্র হত্যা মামলায় সাত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন।

নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—বাবুল সাহা জীবন (৩৩), নাজমুল ইসলাম (২৮), সঞ্জয় দাস ওরফে মনা (৩০), মিলন (৩২), বশির (৩১), সমীর (৩০) ও কাউছার (৩৪)। রায় ঘোষণার সময় পাঁচ আসামি আদালতে উপস্থিত ছিলেন। বাবুল সাহা জীবন ও কাউছার পলাতক রয়েছেন।

মামলার নথি সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১৫ আগস্ট বিকেল ৪টার দিকে ফতুল্লার মাসদাইর এলাকায় একটি নির্মাণাধীন ১২ তলা ভবনের সপ্তমতলায় শুভ্রকে ডেকে নিয়ে যান আসামিরা। সেখানে ধারালো অস্ত্র দিয়ে তার মাথার পেছনে ও থুতনির নিচে আঘাত করা হয়। পরে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়। হত্যাকাণ্ডকে ভিন্ন খাতে প্রবাহিত করতে মরদেহ ভবন থেকে নিচে ফেলে দেওয়া হয় বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় নিহতের বাবা মো. শাহাদাত হোসেন শিকদার বাদী হয়ে ২০১৭ সালের ২২ আগস্ট ফতুল্লা থানায় সাতজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। তদন্ত শেষে ২০২০ সালের ২৪ মার্চ পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। অভিযোগপত্রে দণ্ডবিধির ৩০২, ২০১, ৩৭৯, ৪১১ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়।

রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল কালাম আজাদ জাকির বলেন, মামলার বিচারিক কার্যক্রমে রাষ্ট্রপক্ষের ২৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষ্য-প্রমাণ ও অন্যান্য উপস্থাপিত তথ্য পর্যালোচনা করে আদালত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে বলে রায়ে উল্লেখ করেছেন। এ কারণে সাত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি অর্থদণ্ড ও অনাদায়ে অতিরিক্ত সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।