logo
Advertisement

তুরস্ক-বাংলাদেশের যৌথ বিনিয়োগে ঈশ্বরদীতে ‘মেগাসান মেডিকেল ইন্ডাস্ট্রিজ’র উদ্বোধন

এশিয়া পোস্ট নিউজ, পাবনা
তুরস্ক-বাংলাদেশের যৌথ বিনিয়োগে ঈশ্বরদীতে ‘মেগাসান মেডিকেল ইন্ডাস্ট্রিজ’র উদ্বোধন
ঈশ্বরদীতে ‘মেগাসান মেডিকেল ইন্ডাস্ট্রিজ’র উদ্বোধন। ছবি: এশিয়া পোস্ট

তুরস্ক ও বাংলাদেশের যৌথ বিনিয়োগে প্রতিষ্ঠিত চিকিৎসা সরঞ্জাম উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘মেগাসান মেডিকেল ইন্ডাস্ট্রিজ বাংলাদেশ লিমিটেড’-এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।

Advertisement

শনিবার (৪ জুলাই) পাবনার ঈশ্বরদীতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির উৎপাদন কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, দেশে আন্তর্জাতিক মানের চিকিৎসা সরঞ্জাম উৎপাদন শুরু হলে আমদানি-নির্ভরতা কমবে, বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে এবং স্বাস্থ্যসেবা খাত আরও আধুনিক ও শক্তিশালী হবে। এ সময় তিনি এই কোম্পানিকে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন।

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল স্মারক ফলক উন্মোচনের মাধ্যমে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে তিনি ‘মেগাসান তুরস্ক’-এর চেয়ারম্যান আরিফ সিলেকতিনের সঙ্গে যৌথভাবে প্রতিষ্ঠানের আধুনিক চিকিৎসা সরঞ্জামের প্রদর্শনীর উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব এবং স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত চিকিৎসক অধ্যাপক ডা. কামরুল ইসলাম যৌথভাবে প্রতিষ্ঠানের ইকুইপমেন্ট টেস্টিং ল্যাব উদ্বোধন করেন।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. কবির উদ্দিন আহমেদ, পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক মনিরা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার, ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. শোয়াইব ও পাবনা জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেগাসান মেডিক্যাল ইন্ডাস্ট্রিজ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. নাজমুল হাসান। স্বাগত বক্তব্য দেন মেগাসান বাংলাদেশের নির্বাহী পরিচালক ওয়াহিদুল হাসান টপি।

উদ্বোধনী অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, চিকিৎসক, শিল্পোদ্যোক্তা, বিনিয়োগকারী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বিষয় :