আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য রাখা ৫০০ প্যাকেট খিচুড়ি জব্দ

শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা বাজারের একটি দোকান থেকে ৫০০ প্যাকেট রান্না করা খিচুড়ি জব্দ করেছে পদ্মা সেতু (দক্ষিণ) থানা পুলিশ। আগামী ১০ নভেম্বর আওয়ামী লীগ ও ছাত্রলীগের ঘোষিত কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীদের খাবার হিসেবে এসব খিচুড়ি ব্যবহার করা হতে পারে বলে ধারণা করছে পুলিশ।
সোমবার (৯ নভেম্বর) রাতে নাওডোবা বাজারের সুলতান কাজীর দোকানে অভিযান চালিয়ে খিচুড়িগুলো জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া-জাজিরা) সার্কেল মহিউদ্দিন মিরাজ ও পদ্মা সেতু (দক্ষিণ) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম।
অভিযানের সময় বাংলাদেশ খেলাফত মজলিসের পদ্মা সেতু দক্ষিণ থানা শাখার সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম সুমন, যুবদল নেতা আলতাফ চোকদার, নাওডোবা বাজার কমিটির সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ হাওলাদারসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আগামী ১০ নভেম্বর আওয়ামী লীগ ও ছাত্রলীগের ঘোষিত রাজনৈতিক কর্মসূচি উপলক্ষে নেতাকর্মীদের খাবারের জন্য এসব খিচুড়ি মজুত করা হয়েছিল বলে স্থানীয়দের মধ্যে আলোচনা রয়েছে। তবে এত বিপুল পরিমাণ রান্না করা খাবার দোকানে রাখার প্রকৃত উদ্দেশ্য কী ছিল, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া-জাজিরা) সার্কেল মহিউদ্দিন মিরাজ এশিয়া পোস্টকে বলেন, পদ্মা সেতু দক্ষিণ থানাধীন স্থানীয় বাজারের একটি দোকান থেকে ৫০০ প্যাকেট খিচুড়ি জব্দ করা হয়েছে। ধারণা করছি, আগামীকাল আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মসূচিতে এগুলো ব্যবহার করা হবে। খিচুড়িগুলোর প্রকৃত মালিক পাওয়া গেলে যাচাই-বাছাই করে তাদের বুঝিয়ে দেওয়া হবে। অন্যথায় স্থানীয় এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হবে।
