logo

বাড়িতে তৈরি মদ পান করে যুবকের মৃত্যু

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, গাইবান্ধা
বাড়িতে তৈরি মদ পান করে যুবকের মৃত্যু
বাড়িতে মদ তৈরি করে পান করেন তিন যুবক। ছবি: এশিয়া পোস্ট

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিষাক্ত অ্যালকোহল ও মাদকদ্রব্য মিশিয়ে পান করায় সোহাগ মন্ডল নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় আরও দুজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (৭ জুন) বেলা ১১টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোহাগ মন্ডলের মৃত্যু হয়।

নিহত সোহাগ মন্ডল (৩৭) উপজেলার সাপমারা ইউনিয়নের তরফকামাল গ্রামের বাসিন্দা। সাপমারা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু তালেব প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন।

এলাকাবাসী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শনিবার তরফকামাল গ্রামের সোহাগ মন্ডল, তার ভাই সৈকত মন্ডল এবং একই গ্রামের মজিবর রহমান মিলে অ্যালকোহল, বাংলা মদ ও নেশাজাতীয় ট্যাবলেট একসঙ্গে মিশিয়ে এক ধরনের মাদক তৈরি করে পান করেন। মাদক পানের কিছুক্ষণের মধ্যেই তারা তীব্র পেট ব্যাথায় অসুস্থ হয়ে পড়েন।

স্বজনরা তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে রোববার দুপুর ১২টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোহাগ মন্ডলের মৃত্যু হয়। এ ঘটনায় একই গ্রামের মজিবর রহমান ও সৈকত মন্ডল চিকিৎসাধীন রয়েছেন।