রাজশাহী বিভাগে প্রধান ঈদের জামাত কখন কোথায়

রাজশাহী বিভাগজুড়ে যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল আজহা উদযাপনে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। বিভাগের বিভিন্ন জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন ও ঈদগাহ পরিচালনা কমিটিগুলো ইতোমধ্যে ঈদের প্রধান জামাতের সময়সূচি চূড়ান্ত করেছে। একই সঙ্গে ঈদগাহ ও গুরুত্বপূর্ণ স্থানে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
রাজশাহী
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় নগরীর হযরত শাহ্ মখদুম (র.) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে। জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে বৈরী আবহাওয়া বা অন্য কোনো কারণে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জামাত আয়োজন সম্ভব না হলে সকাল ৮টায় হযরত শাহ্ মখদুম (র.) দরগাহ জামে মসজিদে বিকল্প জামাত অনুষ্ঠিত হবে।
এ ছাড়া মহানগরী ও উপজেলার বিভিন্ন মসজিদ এবং ঈদগাহে সংশ্লিষ্ট কমিটির নির্ধারিত সময় অনুযায়ী ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
নাটোর
নাটোরে পবিত্র ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল পৌনে ৭টায় শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে (কাচারী মাঠ)। এতে ইমামতি করবেন কান্দিভিটা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা হাফেজ গোলাম মোস্তফা।
একই স্থানে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়। এতে ইমামতি করবেন আলাইপুর মারকাজ মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মফিজুর রহমান।
এ ছাড়া কেন্দ্রীয় জামে মসজিদ, গাড়িখানা মসজিদ, বাস টার্মিনাল মসজিদ ও বড়হরিশপুর ঈদগাহ মাঠসহ জেলার বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
নওগাঁ
নওগাঁয় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে শহরের ঐতিহ্যবাহী নওযোয়ান ঈদগাহ মাঠে। জেলা প্রশাসনের পক্ষ থেকে মাঠের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এ ছাড়া শহরের নবনির্মিত জেলা মডেল মসজিদে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন মসজিদের খতিব ও ইমাম মাওলানা রেজুয়ান আহসান।
প্রশাসন জানিয়েছে, আবহাওয়া অনুকূলে না থাকলে প্রধান জামাত সেন্ট্রাল মসজিদ অথবা মডেল মসজিদে স্থানান্তর করা হতে পারে। মুসল্লিদের সময়মতো জামাতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায় শহরের পুরাতন স্টেডিয়ামে। এতে ইমামতি করবেন জেলা মডেল মসজিদের ইমাম মুক্তার আলী।
এ ছাড়া শহরের ফকিরপাড়া ঈদগাহ ময়দানে সকাল ৭টায় প্রথম এবং সকাল ৮টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে। জেলায় এবার মোট ৫৮৫টি ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সিরাজগঞ্জ
সিরাজগঞ্জে পৌর এলাকার কেন্দ্রীয় ঈদগাহ (খান সাহেব) মাঠে সকাল সাড়ে ৭টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন হাফেজ মাওলানা মুফতি আবু তাহের।
একই স্থানে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। এতে ইমামতি করবেন হাফেজ মাওলানা মুফতি মো. তরিকুল ইসলাম। এ ছাড়া মালশাপাড়া কবরস্থান ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৭টা ও সাড়ে ৮টায় দুটি জামাত অনুষ্ঠিত হবে। অন্যদিকে আমলাপাড়া ওয়াবদা ঈদগাহ মাঠে একমাত্র জামাত হবে সকাল ৮টায়।
জয়পুরহাট
জয়পুরহাট কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টায় ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে। জামাতে ইমামতি করবেন জয়পুরহাট সিদ্দিকা কামিল মডেল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আব্দুল মতিন।
কেন্দ্রীয় ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক আল মামুন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। জেলা ইসলামিক ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, জেলার সদর উপজেলায় ১৩১টি, পাঁচবিবিতে ১১১টি, কালাইয়ে ৬৯টি, ক্ষেতলালে ৫৭টি এবং আক্কেলপুরে ৮৯টিসহ মোট ৪৫৭টি ঈদগাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
নিরাপত্তায় কঠোর ব্যবস্থা
এদিকে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলায় ঈদের জামাতকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঈদগাহ মাঠ, মসজিদ ও গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন থাকবে পুলিশ, র্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরা। পাশাপাশি যানজট নিয়ন্ত্রণ, নিরাপদ যাতায়াত ও সার্বিক শৃঙ্খলা নিশ্চিতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।
