logo

শরীয়তপুরে আ.লীগ-বিএনপির সংঘর্ষ, নিহত ব্যক্তির পরিচয় প্রকাশ

শরীয়তপুরে আ.লীগ-বিএনপির সংঘর্ষ, নিহত ব্যক্তির পরিচয় প্রকাশ
শরীয়তপুরে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়েতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের অবস্থান। ছবি: এশিয়া পোস্ট

শরীয়তপুরে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়েতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে নিহত নিষিদ্ধ যুবলীগ কর্মীর পরিচয় পাওয়া গেছে।

রোববার (২৯ নভেম্বর) সকাল ৭টার দিকে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে অবরোধ চলাকালীন এ গুলিবিদ্ধের ঘটনা ঘটে।

Advertisement

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মহিউদ্দিন মিরাজ নিহত হওয়ার খবরটি নিশ্চিত করেছেন।

নিহত যুবলীগ কর্মীর নাম ইব্রাহিম সিপাহী।
নিহত যুবলীগ কর্মীর নাম ইব্রাহিম সিপাহী।

নিহত যুবলীগ কর্মীর নাম ইব্রাহিম সিপাহী। তিনি সদর উপজেলার মধ্য সোনামুখী এলাকার হাফিজউদ্দীন সিপাহীর ছেলে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রায় ১০ মিনিট ধরে পাল্টাপাল্টি ককটেল বিস্ফোরণ চলে। এর ফলে এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ হয়ে যায়। ওই সংঘর্ষের সময় গুলিতে ইব্রাহিম সিপাহী নিহত হন।

নিহতের পরিবার জানায়, রোববার ভোরে আওয়ামী লীগের নেতা-কর্মীরা পদ্মা সেতু অবরোধ করেন। সেখানে মিছিলে উপস্থিত ছিলেন ইব্রাহিম সিপাহি। এ সময় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে তিনি গুরুতর আহত হন।

পরে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তার মরদেহ শরীয়তপুর সদর হাসপাতালে আনা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের বোন শাহিনুর আক্তার বলেন, আমার ভাই আওয়ামী লীগের মিছিলে গেছিলো সেখানে গিয়ে গুলি লেগে মারা গেছে। আমরা তাকে অনেক নিষেধ করছি কিন্তু এই দলের জন্য সে সবকিছু করতে পারে তাই আমাদের কথা শোনে নাই।

অতিরিক্ত পুলিশ সুপার নড়িয়া সার্কেল মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা পদ্মা সেতু অবরোধ করেন। এসময় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষে একজন নিহত ও দুইজন আহত হয়েছে।

আওয়ামী লীগের নেতাকর্মীরা জানিয়েছেন, নিহত ইব্রাহিম সিপাহী শরীয়তপুর সদর উপজেলার রুদ্রপুর ইউনিয়নের হাফিজউদ্দিন সিপাহীর ছেলে। তিনি যুবলীগের রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন।

এদিকে পুলিশ বলছে, আজ ভোরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েকশ নেতাকর্মী নাওডোবা এলাকার জমাদ্দার মোড়ের কাছে এক্সপ্রেসওয়েতে অবস্থান নেন। অন্যদিকে কর্মসূচি প্রতিহত করতে শনিবার রাত থেকেই বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ওই এলাকায় অবস্থান করছিলেন। পরে দুপক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

ইনামুল হোসেন

সম্পাদনা

ইনামুল হোসেন

জ্যেষ্ঠ সহ-সম্পাদক | এশিয়া পোস্ট