ঝিনাইদহে তৈরি হচ্ছিল চায়না পারফিউম-ফেস ক্রিম, র্যাবের অভিযান

ঝিনাইদহ শহরের মহিলা কলেজ পাড়ায় একটি নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ প্রসাধনী জব্দ করেছে র্যাব-৬।
বুধবার (১৫ এপ্রিল) বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-৬-এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইমামীম মুবীন সরকার সুমন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, মহিলা কলেজ পাড়ায় বকুল হোসেন নামে এক ব্যক্তির বাড়িতে নকল প্রসাধনী তৈরি করা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।
অভিযানকালে নকল চায়না ব্র্যান্ডের পারফিউম, ফেস ক্রিম, তেলসহ বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের লেবেল ও খালি বোতল জব্দ করা হয়। এ ছাড়া প্রসাধনী তৈরির কাঁচামাল, বিভিন্ন কেমিক্যাল ও মেশিন উদ্ধার করা হয়েছে।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান বাড়ির মালিক বকুল হোসেনকে ১ লাখ টাকা জরিমানা করেন।
র্যাব জানায়, নকল ও ভেজাল পণ্যের বিরুদ্ধে তাদের অভিযান আগেও চলেছে এবং ভেজাল প্রতিরোধ, মাদক ও সন্ত্রাস নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।