logo

পানির স্বাভাবিক প্রবাহ রক্ষা না হলে মানবসভ্যতা বিপদে পড়বে: ড. মঈন খান

পানির স্বাভাবিক প্রবাহ রক্ষা না হলে মানবসভ্যতা বিপদে পড়বে: ড. মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, বর্তমান বিশ্বে পানির স্বাভাবিক সরবরাহ ও প্রবাহ ঠিক রাখতে না পারলে মানবসভ্যতা বড় ধরনের বিপদের সম্মুখীন হবে। তাই নদী ও খালের স্বাভাবিক প্রবাহ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সীমান্ত এলাকায় বাঁধ দিয়ে যদি পানির প্রবাহ বন্ধ করে দেওয়া হয়, তাহলে লবণাক্ততার কারণে বাংলাদেশের মাটির উর্বরতা নষ্ট হয়ে যাবে। এজন্য পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা জরুরি।

সোমবার (১৬ মার্চ) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলার কাচিকাটা ইউনিয়নের মির্জাপুর গ্রামের মহিষাখালী খাল খনন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ড. মঈন খান। 

তিনি বলেন, কৃষিপ্রধান বাংলাদেশে কৃষিকে সমৃদ্ধ করতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজ হাতে কোদাল তুলে নিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকারও কথার চেয়ে কাজে বিশ্বাসী হয়ে দেশব্যাপী খাল খনন ও পুনর্খনন কর্মসূচি হাতে নিয়েছে।

অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেন, কৃষকের জমিতে সেচ সুবিধা বৃদ্ধি এবং উৎপাদন বাড়ানোর লক্ষ্যে দেশব্যাপী খাল খনন কার্যক্রম শুরু হয়েছে। এটি কোনো লোক দেখানো উদ্যোগ নয়, বরং কৃষকদের বাস্তব উপকারে আসবে। আশা করা যাচ্ছে, আগামী বর্ষার আগেই কৃষকরা এই খালের পূর্ণ সুফল পাবেন। 

নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন—নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন, নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মনজুর এলাহী এবং নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য মো. আশরাফ উদ্দিন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক, জেলা বিএনপির সহসভাপতি তোফাজ্জল হোসেন মাস্টার, সরদার তোফাজ্জল হোসেন লিয়াকত, জেলা যুবদলের সভাপতি মহসিন হোসাইন বিদ্যুৎসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।

দেশব্যাপী খাল খনন ও পুনঃখনন কর্মসূচির উদ্বোধনী দিনে মনোহরদী উপজেলার কাচিকাটা ইউনিয়নের মহিষাখালী খালের খননকাজ শুরু করা হয়েছে। এই কর্মসূচির আওতায় নরসিংদী জেলায় মোট ২৮৫টি গুরুত্বপূর্ণ খাল খনন ও পুনর্খনন করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।