Advertisement

নড়াইলে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

এশিয়া পোস্ট নিউজ, নড়াইল
নড়াইলে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার
গ্রেপ্তার রাজিব শেখ। ছবি: সংগৃহীত

নড়াইল জেলার লোহাগড়া উপজেলায় পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে আলিনুর ফকির (৩০) নামের এক রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি রাজিব শেখকে (২৫) গ্রেপ্তার করেছে র‍্যাব।

মঙ্গলবার (২১ জুলাই) রাত ৮টার দিকে সাতক্ষীরার গাংনিয়া ব্রিজ এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‍্যাব-৬-এর যশোর (সিপিসি-৩) ও সাতক্ষীরা (সিপিসি-১) ক্যাম্পের যৌথ দল।

গ্রেপ্তারকৃত রাজিব শেখ লোহাগড়া উপজেলার কুমারডাঙ্গা গ্রামের জাহাঙ্গীর শেখের ছেলে। নিহত আলিনুর ফকির একই গ্রামের বাসিন্দা।

র‍্যাব জানায়, ব্যবসার নাম করে আলিনুর ফকিরের কাছ থেকে ১৮ হাজার টাকা ধার নিয়েছিলেন রাজিব শেখ। নির্ধারিত সময়ে পাওনা টাকা পরিশোধ না করে, কৌশল অবলম্বন করেন তিনি। পরে টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে পূর্বপরিকল্পিতভাবে আলিনুরকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়।

র‍্যাব আরও জানায়, হত্যাকাণ্ডের মাত্র ৭২ ঘণ্টার মধ্যে এবং থানায় মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যেই তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। গ্রেপ্তারকৃত রাজিবকে লোহাগড়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।