logo
Advertisement

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ২০ হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ
বান্দরবান, চট্টগ্রাম
নাইক্ষ্যংছড়ি সীমান্তে ২০ হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক
ইয়াবাসহ আটক রোহিঙ্গা যুবক নুর মোহাম্মদ। ছবি: এশিয়া পোস্ট

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে ২০ হাজার বার্মিজ ইয়াবাসহ নুর মোহাম্মদ (২০) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে উপজেলার ঘুমধুম সীমান্তের জামালের ঘের এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটক নুর মোহাম্মদ এফডিএমএন ক্যাম্প-১-এর এফ/১৩ ব্লকের মো. অলি আহমদের ছেলে।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর ঘুমধুম বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার-৩২ থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জামালের ঘের এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহজনকভাবে চলাচলকারী নুর মোহাম্মদকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম ইয়াবা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত দিয়ে যাতে কোনো ধরনের মাদক ও অবৈধ পণ্য দেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে বিজিবির টহল ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজিবি সূত্র আরও জানায়, উদ্ধার করা ইয়াবাসহ আটক নুর মোহাম্মদকে নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তরের প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে।

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আগামীকাল তাকে আদালতে সোপর্দ করা হবে।