logo

বগুড়ায় নির্বাচন অফিস ঘেরাও করেছেন জামায়াতের নারী কর্মীরা

বগুড়ায় নির্বাচন অফিস ঘেরাও করেছেন জামায়াতের নারী কর্মীরা

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনের আগের দিন জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় ঘেরাও করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারী কর্মীরা।

বুধবার (৮ এপ্রিল) বিকেলে শহরের খান্দার সড়কে অবস্থিত কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করেন।

তাদের অভিযোগ, দুপুরে বগুড়া প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশাহ হিজাব পরা নারীদের ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়ার মতো বক্তব্য দিয়েছেন। এই বক্তব্যের প্রতিবাদে তারা নির্বাচন কার্যালয়ের সামনে জড়ো হন। পরে একটি প্রতিনিধিদল জেলা নির্বাচন কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করে বিএনপির প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

জামায়াতের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সাজেদা সামাদ বলেন, বিএনপি প্রার্থীর বক্তব্য নির্বাচনি আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত।

সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিম বলেন, অভিযোগকারীদের লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তা তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।