ভৈরব নদে ট্রলারডুবিতে নিখোঁজ রাকিবের সন্ধান মেলেনি

খুলনার ভৈরব নদে ফেরি ও ট্রলারের মুখোমুখি সংঘর্ষে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় রাকিব খান (১৭) নামের এক তরুণ এখনও নিখোঁজ রয়েছেন।
বুধবার (২ সেপ্টেম্বর) সকাল থেকে তাকে উদ্ধারে নদে যৌথভাবে তল্লাশি অভিযান চালাচ্ছে নৌপুলিশ, ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা।
নিখোঁজ রাকিব রূপসা উপজেলার সেনের বাজার এলাকার হাজী গ্রামের বাকের খানের ছেলে।
নৌপুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে ভৈরব নদ পার হয়ে বাড়ি ফেরার জন্য ট্রলারে ওঠেন রাকিব। মাঝনদে পৌঁছালে একটি ফেরির সঙ্গে ট্রলারটির সংঘর্ষ হয় এবং ট্রলারটি ডুবে যায়। এ সময় অন্য যাত্রীরা সাঁতরে ও স্থানীয়দের সহায়তায় তীরে উঠতে পারলেও রাকিব নদের পানিতে তলিয়ে যান।

নৌপুলিশের রূপসা ফাঁড়ির ইনচার্জ মো. আবুল খায়ের জানান, ঘটনার পর থেকে মঙ্গলবার রাত সাড়ে ৪টা পর্যন্ত নদে প্রথম দফায় উদ্ধার অভিযান চালানো হয়। বুধবার সকাল সাড়ে ৭টা থেকে আবারও যৌথ উদ্ধার অভিযান শুরু করা হয়েছে।
খুলনা ফায়ার সার্ভিসের উপপরিচালক মাসুদ সরদার জানান, সকাল ৯টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি শুরু করেন। তবে এখন পর্যন্ত নিখোঁজ তরুণ কিংবা ডুবে যাওয়া ট্রলার—কোনোটিরই সন্ধান মেলেনি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।



