logo

বিএনপি নেতার বাড়িতে হামলার মামলায় দুই জামায়াত নেতা গ্রেপ্তার

বিএনপি নেতার বাড়িতে হামলার মামলায় দুই জামায়াত নেতা গ্রেপ্তার

বগুড়ার নন্দীগ্রামে নির্বাচনের আগে বিএনপি নেতার বাড়িতে হামলার মামলায় জামায়াতের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে নন্দীগ্রাম কলেজ মসজিদ রাস্তা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন—পৌর জামায়াতের বাইতুল মাল সম্পাদক মুহাম্মদ এটিএম মুজাহিদ ও উপজেলা যুব জামায়াতের ক্রীড়া সম্পাদক মো. রাকিবুল ইসলাম।

পুলিশ জানায়, নির্বাচনের আগে উপজেলার পারশুন গ্রামে নির্বাচনি সহিংসতায় মাঝগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা মজিদসহ কয়েকজন আহত ও বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় মাসুদ রানা মজিদ নন্দীগ্রাম থানায় ৩৫ জনের নামে মামলা করেন। আজ বিকেলে ওই মামলায় মুহাম্মদ এটিএম মুজাহিদ ও রাকিবুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, আজ বিকেলে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা এজাহারভুক্ত আসামি।