logo

নারায়ণগঞ্জে স্ত্রীকে ছুরিকাঘাতের পর স্বামীর আত্মহত্যা

নারায়ণগঞ্জে স্ত্রীকে ছুরিকাঘাতের পর স্বামীর আত্মহত্যা
ফতুল্লায় ঘটনাস্থলে নিহত শামীমের স্বজনদের আহাজারি। ছবি: এশিয়া পোস্ট

নারায়ণগঞ্জের ফতুল্লায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে ছুরিকাঘাতের পর গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন স্বামী।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার চিতাশাল এলাকার ১নং গলিতে এ ঘটনা ঘটে।

নিহত শামীম শরীয়তপুরের ঘোষেরহাট গ্রামের নুরু বেপারীর ছেলে। তিনি চিতাশাল এলাকার খোকন মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন ও পেশায় অটোরিকশাচালক ছিলেন। আহত স্ত্রীর নাম ময়ূরী।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে জানা যায়, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে শামীম ও তার স্ত্রী ময়ূরীর মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। এরই ধারাবাহিকতায় বুধবার সকালে তাদের মধ্যে আবারও কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে শামীম উত্তেজিত হয়ে স্ত্রীর গলায় ছুরিকাঘাত করেন। এরপর শামীম ঘরের ভেতরে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। বিষয়টি জানতে পেরে আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে ময়ূরীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন। পরে তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) পলাশ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরেই স্বামী-স্ত্রীর মধ্যে এ ঘটনা ঘটেছে। শামীমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।