চুরি করে পালানোর সময় দুর্ঘটনায় পড়ে ধরা

সুনামগঞ্জের তাহিরপুরে ব্যাটারিচালিত অটোরিকশা চুরি করে পালানোর সময় দুর্ঘটনার শিকার হয়ে আলীরাজ মিয়া নামে এক ব্যক্তি গ্রামবাসীর হাতে আটক হয়েছেন। তাকে গাছে বেঁধে ঘণ্টাখানেক জিজ্ঞাসাবাদের পর পুলিশে সোপর্দ করা হয়েছে।
শনিবার (৭ মার্চ) সেহেরির আগমুহূর্তে উপজেলার তাহিরপুর সদর ইউনিয়নের চিকসা দরগাহাটি এলাকায় এই ঘটনা ঘটে। আটক আলীরাজ উপজেলার বালিজুরী ইউনিয়নের আনোয়ারপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও গ্রামবাসী জানান, আটক আলীরাজ ও তার কয়েক সহযোগী প্রথমে তাহিরপুর সদরের ধুতমা এলাকা থেকে একটি মোটরসাইকেল চুরি করেন। পরে চিকসা গ্রামে গিয়ে আরও একটি মোটরসাইকেল চুরির চেষ্টা করলে গ্রামবাসী ধাওয়া দেয়। এ সময় তারা চুরি করা মোটরসাইকেলটি ফেলে জঙ্গলে লুকিয়ে পড়েন।
এরপর সাহরির আগে চিকসা দরগা হাটির লেবু মিয়ার বাড়ি থেকে একটি অটোরিকশা চুরি করে পালিয়ে যান। লেবু মিয়ার পরিবারের লোকজন সাহরির সময় উঠে অটোরিকশা না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একটি অটোরিকশা নিয়ে তাদের অটোরিকশা খুঁজতে বের হন।
একপর্যায়ে বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর এলাকায় গিয়ে দেখতে পান আলীরাজ দুর্ঘটনার শিকার হয়ে সড়কের পাশে পড়ে আছেন। আলীরাজ তাদের গাড়িতে করে বাড়ি যেতে চাইলে তাদের সন্দেহ হয়। পরে সড়কের পাশে অটোরিকশাটি লুকানো অবস্থায় দেখতে পান।
এরপর গ্রামবাসী আলীরাজকে আটক করে চিকসা গ্রামে নিয়ে যায় এবং গাছের সঙ্গে বেঁধে ঘণ্টাখানেক জিজ্ঞাসাবাদ করে। পরে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে রোববার সকাল ৯টায় তাহিরপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
তাহিরপুর থানার ওসি (তদন্ত) সুশংকর পাল বলেন, গ্রামবাসী গাড়িসহ এক ব্যক্তিকে আটক করে পুলিশকে খবর দিলে তাকে উদ্ধার করা হয়। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আটক আলীরাজ একাধিক চুরির মামলার আসামি এবং এর আগেও চুরির মামলায় জেল খেটেছেন।