চার বছরের শিশুকে ‘হত্যার’ পর মায়ের আত্মহত্যার চেষ্টা

পাবনার আটঘরিয়া উপজেলায় চার বছর বয়সি সন্তান তাওহীদ হোসেনকে হত্যার পর রিমা খাতুন নামে এক গৃহবধূ আত্মহত্যার চেষ্টা করেছেন বলে খবর পাওয়া গেছে।
বুধবার (১ এপ্রিল) ভোরে উপজেলার চাঁদভা ইউনিয়নের ভরতপুর দক্ষিণপাড়া গ্রামে ভরতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিয়েবহির্ভূত সম্পর্ক ধরা পড়ায় নিজের সন্তানকে বালিশচাপা দিয়ে হত্যা করে নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা চেষ্টা করেন সিঙ্গাপুর প্রবাসী টুটুলের স্ত্রী রিমা খাতুন। বাড়ির লোকজন রিমাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।