শার্শায় গোয়ালঘর থেকে তিনটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার

যশোরের শার্শা উপজেলার লক্ষণপুর ইউনিয়নে একটি গোয়ালঘর থেকে তিনটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ছয়টার দিকে ওই ইউনিয়নের খামারপাড়া (পূর্বপাড়া) গ্রামের ইউনুস আলীর বাড়িসংলগ্ন গোয়ালঘর থেকে এগুলো উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গরু বের করার সময় বাড়ির লোকজন গোয়ালঘরের ভেতরে একটি সাদা প্লাস্টিকের ব্যাগ দেখতে পান। ব্যাগের মধ্যে লাল স্কচটেপ দিয়ে মোড়ানো তিনটি বস্তু দেখতে পেয়ে তারা পুলিশকে খবর দেন। গোড়পাড়া পুলিশ ক্যাম্পের পরিদর্শক আনিসুর রহমান নেতৃত্বে ঘটনাস্থলে গিয়ে বস্তুগুলো উদ্ধার করা হয়।
এ বিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, একটি গোয়ালঘর থেকে তিনটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, অজ্ঞাত কেউ রাতে এগুলো সেখানে রেখে গেছে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
