বিসিবির ১১ জনের পাঁচজনই চট্টগ্রামের

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কমিটি ভেঙে ১১ সদস্যের অ্যাডহক কমিটি করা হয়েছে। এই কমিটির প্রধান করা হয়েছে জাতীয় দলের সাবেক ক্রিকেটার তামিম ইকবাল খানকে। তামিম ইকবাল খান চট্টগ্রামের দ্বিতীয় ব্যক্তি, যিনি বিসিবির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। এর আগে আনিসুল ইসলাম মাহমুদ এই দায়িত্ব পালন করেছিলেন, সেটিও বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পাওয়ার আগে। শুধু তাই নয়, এবারের কমিটিতে চট্টগ্রামের আধিপত্য চোখে পড়ছে আলাদা করে। কমিটির ১১ সদস্যের পাঁচজনই চট্টগ্রামের সন্তান।
জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) পরিচালক আমিনুল এহসান নতুন অ্যাডহক কমিটির বিষয়টি জানিয়েছেন। তামিমের নেতৃত্বাধীন ১১ সদস্যের অ্যাডহক কমিটিতে আছেন রাশনা ইমাম, আতহার আলী খান, মির্জা ইয়াসির আব্বাস, রফিকুল ইসলাম বাবু, সালমান ইস্পাহানি, তানজিল চৌধুরী, মিনহাজুল আবেদীন নান্নু, ইসরাফিল খসরু, সৈয়দ ইব্রাহিম আহমদ ও ফাহিম সিনহা।
তামিম ছাড়াও সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদীন নান্নু ও সালমান ইস্পাহানি চট্টগ্রামের সন্তান। চট্টগ্রামের সন্তান মিনহাজুল আবেদিন নান্নু জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবির সাবেক প্রধান নির্বাচক। সদ্য ভেঙে যাওয়া বোর্ডের হেড অব প্রোগ্রামের দায়িত্বে ছিলেন তিনি।
ইসরাফিল খসরু অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর ছেলে। সৈয়দ ইব্রাহিম আহমদ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ছেলে। সালমান ইস্পাহানি ঐতিহ্যবাহী ইস্পাহানি গ্রুপের চেয়ারম্যান। চট্টগ্রামে তিনি বোর্ড প্রধান তামিম ইকবালের প্রতিবেশীও।