কেক তৈরিতে পচা ডিম ব্যবহার, বেকারিকে ৪০ হাজার টাকা জরিমানা

নোয়াখালী সদর উপজেলার দত্তেরহাট এলাকায় কেক তৈরিতে পচা ডিম ব্যবহার ও চরম অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অভিযোগে ‘রুচিকা ফুড ইন্ডাস্ট্রিজ’ নামের একটি বেকারিকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (১৭ আগস্ট) বিকেলে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. আছাদুল ইসলাম।
অভিযান সূত্রে জানা যায়, ওই প্রতিষ্ঠানটি বাজার থেকে সংগৃহীত ভালো ও পচা ডিম একসঙ্গে মিশিয়ে কেক তৈরি করছিল। ভাঙা ও পচা ডিম থেকে পুরো কারখানায় প্রচণ্ড দুর্গন্ধ ছড়াচ্ছিল। এ ছাড়া ন্যূনতম স্বাস্থ্যবিধি না মেনে ‘হানিকম্ব’ নামের পাউরুটি/বান তৈরিতে নোংরা ও অপদ্রব্য মিশ্রিত চিনির সিরা ব্যবহার করা হচ্ছিল।
হাতেনাতে এসব অনিয়ম ধরা পড়ায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে পচা ডিম ও অপদ্রব্য মিশ্রিত বিপুল পরিমাণ চিনির সিরা জব্দ করে ধ্বংস করা হয়।
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. আছাদুল ইসলাম বলেন, ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত তদারকি অভিযানের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অভিযানে জেলা ব্যাটালিয়ন আনসারের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



