পদ্মায় ধরা পড়ল দুই বাগাড়, বিক্রি ১ লাখ ১৪ হাজারে

রাজবাড়ীর পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়া ৩২ ও ২৬ কেজি ওজনের দুটি বিশাল বাগাড় মাছ এক লাখ ১৪ হাজার ৬০০ টাকায় বিক্রি হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ এ তথ্য জানান।
তিনি জানান, বুধবার পদ্মা নদীর কলাবাগান এলাকায় জেলে রেজাউল মন্ডলের জালে ২৬ কেজি ওজনের একটি বাগাড় মাছ ধরা পড়ে। পরে উন্মুক্ত নিলামে মাছটি প্রতি কেজি ১ হাজার ৬০০ টাকা দরে কিনে নদীতে বাঁচিয়ে রাখা হয়। এরপর বৃহস্পতিবার ভোরে মানিকগঞ্জের দোহার এলাকার জেলে নয়ন হালদারের জালে ৩২ কেজি ওজনের আরও একটি বড় বাগাড় ধরা পড়ে। মাছটি প্রতি কেজি ২ হাজার টাকা দরে কেনেন সম্রাট শাজাহান শেখ। পরে অনলাইনের মাধ্যমে সিলেটের এক ক্রেতার সঙ্গে যোগাযোগ করে দুটি মাছই বিক্রি করা হয়।
এর মধ্যে ২৬ কেজির মাছটি প্রতি কেজি এক হাজার ৭০০ টাকা দরে ৪৪ হাজার ২০০ টাকায় এবং ৩২ কেজির মাছটি প্রতি কেজি ২ হাজার ২০০ টাকা দরে ৭০ হাজার ৪০০ টাকায় বিক্রি হয়। সব মিলিয়ে মাছ দুটির বিক্রয়মূল্য দাঁড়ায় ১ লাখ ১৪ হাজার ৬০০ টাকা।
ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ বলেন, ক্রেতার আরও বড় মাছের প্রয়োজন ছিল। যুক্তরাষ্ট্রপ্রবাসী সিলেটের এক ব্যক্তি মাছ দুটি কিনেছেন।




