Advertisement

দলীয় কার্যালয়ে আগুন দিয়ে গ্রেপ্তার বিএনপি নেতার ছেলে

এশিয়া পোস্ট নিউজ, মুন্সীগঞ্জ
দলীয় কার্যালয়ে আগুন দিয়ে গ্রেপ্তার বিএনপি নেতার ছেলে
গ্রেপ্তার মনির হোসেন। ছবি : সংগৃহীত

মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিএনপির একটি ওয়ার্ড কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় সংশ্লিষ্ট ওয়ার্ড বিএনপির সভাপতির ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

বুধবার (১২ আগস্ট) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তার মনির হোসেন অগ্নিসংযোগে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৭ জুলাই দিবাগত রাতে উপজেলার বালুচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চান্দেরচর লেকু মার্কেট এলাকায় বিএনপি কার্যালয়ে আগুন লাগার ঘটনা ঘটে। এতে কার্যালয়ের আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পাঁচ দিন পর, ২২ জুলাই যুবদল কর্মী আব্দুস সালাম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে সিরাজদিখান থানায় মামলা করেন।

মামলার তদন্তকালে আগে গ্রেপ্তার হওয়া দুই আসামির তথ্যের ভিত্তিতে ঘটনায় ওয়ার্ড বিএনপির সভাপতি শহিদুল ইসলামের ছেলে মনির হোসেনের নাম উঠে আসে। এরপর মঙ্গলবার দিবাগত রাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ।

পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও আদালতে মনির জানিয়েছেন—মাটি কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষকে ঘায়েল করার উদ্দেশ্যে তিনি একাই বা অন্যদের সহযোগিতায় কার্যালয়ে আগুন দিয়েছিলেন।

এ ঘটনায় দুঃখ প্রকাশ করে বালুচর ইউনিয়ন বিএনপির সদস্যসচিব আবুল হোসেন বলেন, কারও ইন্ধনে এমন কাজ হয়ে থাকতে পারে। ব্যক্তিগত বা ব্যবসায়িক বিরোধ মেটানোর জায়গা রাজনৈতিক কার্যালয় নয়।

একই ইউনিয়নের বিএনপির আহ্বায়ক আব্দুল লতিফ বলেন, অপরাধী বিএনপি নেতার ছেলে হোক বা যে-ই হোক, এই ন্যক্কারজনক ঘটনার জন্য তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।

এ বিষয়ে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, আসামি মনির হোসেন বুধবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ ঘটনার পেছনে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।