logo

দড়ি টেনে চলছে শ্যালো ইঞ্জিনচালিত নৌকা

দড়ি টেনে চলছে শ্যালো ইঞ্জিনচালিত নৌকা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জ্বালানি তেলের তীব্র সংকটে শ্যালো ইঞ্জিনচালিত নৌকা চলাচল প্রায় বন্ধের মুখে পড়েছে। ফলে নদী তীরবর্তী এলাকার মানুষ ও নৌকার মাঝিরা পড়েছেন চরম ভোগান্তিতে।

উপজেলার পঞ্চকোশী ইউনিয়নের বেতবাড়ী-পূর্ব সাতবাড়ীয়া এলাকার করতোয়া নদীর খেয়াঘাটে কয়েক দিন ধরে মাঝিরা ইঞ্জিনচালিত নৌকা চালাতে না পেরে দড়ি বেঁধে হাতে টেনে যাত্রী পারাপার করেছেন। পরে উপজেলা প্রশাসন থেকে জ্বালানি তেল সরবরাহের জন্য মাঝিদের কার্ড দেওয়া হলেও তা চাহিদার তুলনায় অপ্রতুল বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পূর্বাঞ্চলের হাজারো মানুষ প্রতিদিন এই খেয়াঘাট ব্যবহার করে উপজেলা সদরে যাতায়াত করেন। ভোর ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত চলা এই পারাপার পুরোপুরি নির্ভরশীল শ্যালো ইঞ্জিনচালিত নৌকার ওপর। তবে জ্বালানি সংকটের কারণে কয়েক দিন মাঝিরা বাধ্য হয়ে হাতে টেনে নৌকা চালিয়েছেন।

সাতবাড়ীয়া খেয়াঘাটের মাঝি শহিদুল ইসলাম বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর থেকেই তেলের সংকট তীব্র আকার ধারণ করেছে। প্রয়োজন অনুযায়ী ডিজেল না পাওয়ায় প্রায় ১৬ থেকে ১৭ দিন দড়ি টেনে নৌকা চালাতে হয়েছে। পরে প্রশাসনের উদ্যোগে কার্ড দেওয়া হলেও নিয়মিত তেল পাওয়া যাচ্ছে না।

তিনি জানান, একটি নৌকা চালাতে প্রতিদিন প্রায় তিন লিটার ডিজেল প্রয়োজন হয়। অথচ কার্ডের মাধ্যমে এক দিন পরপর পাঁচ লিটার তেল দেওয়ার কথা থাকলেও পেট্রোল পাম্পে গিয়ে অনেক সময় তেল পাওয়া যায় না। এতে মাঝিদের দুর্ভোগ কমেনি।

এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম আরিফের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। পরবর্তীতে তার বক্তব্য পাওয়া গেলে প্রতিবেদনে সংযুক্ত করা হবে।