মক্কায় কর্মস্থলে প্রাণ গেল বাংলাদেশির

সৌদি আরবের মক্কা নগরীতে কর্মস্থলে সিঁড়ি থেকে পড়ে শহিদুল্লাহ বাবু নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শহিদুল্লাহ বাবু চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের ছোট মৌলভীর বাড়ির বাসিন্দা। তিনি মাওলানা সামশুল হুদার ছেলে। জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে সৌদি আরবের মক্কা নগরীতে বসবাস করছিলেন তিনি। সেখানে ইলেকট্রিক মিস্ত্রি হিসেবে কাজ করতেন।
নিহতের ভাইয়ের ছেরে কাজী মামুন জানান, সৌদি আরবে তার কফিলের একটি ভবনে কাজ করার সময় অসাবধানতাবশত সিঁড়ি থেকে পড়ে যান শহিদুল্লাহ বাবু। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত শহিদুল্লাহ বাবু স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তার আকস্মিক মৃত্যুর খবরে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনরা জানিয়েছেন, তার মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।
