logo

দুবাই পালানোর সময় ‘ক্যাসিনো সম্রাট’ রুবেল গ্রেপ্তার

দুবাই পালানোর সময় ‘ক্যাসিনো সম্রাট’ রুবেল গ্রেপ্তার
গ্রেপ্তার রুবেল মিয়া। ছবি : পুলিশের সৌজন্যে

হবিগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সংঘটিত মোস্তাক হত্যা মামলার অন্যতম এজাহারভুক্ত আসামি ও এলাকায় ‘ক্যাসিনো সম্রাট’ হিসেবে পরিচিত রুবেল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৩ অক্টোবর) বিকেলে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তার রুবেল মিয়া হবিগঞ্জ সদর উপজেলার শরীফপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে।

পুলিশ জানায়, বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কায় রুবেল মিয়াকে আটকের জন্য ইমিগ্রেশন কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে শুক্রবার রাতে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দুবাই যাওয়ার সময় তাকে আটক করা হয়। পরে তাকে হবিগঞ্জ সদর মডেল থানায় নেওয়া হয়।

পুলিশ আরও জানায়, অনলাইন ক্যাসিনো পরিচালনার অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য রুবেল মিয়াকে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়। সেখানে তার ব্যবহৃত চারটি মোবাইল ফোনসহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস যাচাই করা হয়। তবে প্রাথমিকভাবে উল্লেখযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। এ ছাড়া রুবেল মিয়ার বিরুদ্ধে ঢাকার পল্টন থানায় সাইবার নিরাপত্তা আইনে একটি মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি সিন্ডিকেটের মাধ্যমে রুবেল মিয়া অনলাইন ক্যাসিনো পরিচালনা করে আসছিলেন। এর ফলে এলাকার অনেক তরুণ-যুবক অনলাইন জুয়ার সঙ্গে জড়িয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলেও অভিযোগ রয়েছে। একসময় রুবেল চায়ের দোকানে কাজ করতেন। বর্তমানে তিনি বিদেশে বিলাসবহুল জীবনযাপন করেন।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর হক বলেন, গ্রেপ্তারের পর শনিবার বিকেলে রুবেল মিয়াকে আদালতে পাঠানো হয়েছে।