ট্রাকের সঙ্গে সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত

মাদারীপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের কালিরবাজার নবার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, শিরখাড়া ইউনিয়নের কালিরবাজার গ্রামের রফিকুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম (৩৩) ও রাজইর উপজেলার ইউসুফপুর ইউনিয়নের সোনাপাড়া গ্রামের পান্না খানের ছেলে নাজমুল খান (১৭)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরে একটি মোটরসাইকেল কালিগঞ্জ নবার মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং দুই আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় এখনও কাউকে আটক করা হয়নি।