আমরা কিন্তু সেখানে যাবই: হাসনাত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশি বাধা অতিক্রম করে হবিগঞ্জের উদ্দেশে রওনা হওয়ার পথে চতুর্থবারের মতো বাধার মুখে পড়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা।
বুধবার (২৯ জুলাই) বিকেল ৪টার দিকে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও এলাকায় ‘চা-কন্যা’ ভাস্কর্যের সামনে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কে চতুর্থবারের মতো এনসিপির গাড়িবহর আটকে দেয় পুলিশ।
তবে যোকোনোভাবে হবিগঞ্জে পৌঁছানোর ঘোষণা দিয়েছেন এনসিপি নেতারা।
এনসিপি নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা সেখানে যাবই। আপনারা আমাদের পয়েন্ট অব নো রিটার্নে আমাদের ঠেলে দিচ্ছেন। যারা সেখানে হামলা করেছে, তাদের গ্রেপ্তার না করে আপনারা আমাদের বাধা দিচ্ছেন। আপনাদের লজ্জা হওয়া উচিত। কয়েকজন আইনপ্রণেতা আছেন এখানে। আপনারা তাদের গায়ে হাত দিয়েছেন। আপনারা যদি বিএনপি করতে চান, তাহলে পুলিশের পোশাক খুলে বিএনপি করেন।
এ সময় তিনি পুলিশকে উদ্দেশ করে ‘বাহ পুলিশ চমৎকার, সন্ত্রাসের পাহারাদার’ বলে স্লোগান দিতে থাকেন।
পুলিশের উদ্দে হাসনাত আবদুল্লাহ বলেন, ১৪৪ ধারা জারি করা হয়েছে হবিগঞ্জ পৌরসভায়। আপনি শ্রীমঙ্গলে আমাদের বাধা দিচ্ছেন। আপনি আমাদের আইন শিখাইতে আসছেন। আপনাদের লজ্জা হওয়া উচিত। পাঁচটা মানুষ আমরা মামলা করতে যাচ্ছি, আপনারা আটকে রেখেছেন।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, শ্রীমঙ্গলে পুলিশের ব্যারিকেড ভেঙে এনসিপির গাড়িবহর হবিগঞ্জের দিকে রওনা দিলেও হবিগঞ্জের মিরপুর এলাকার আগেই পুলিশ আবারও তাদের পথরোধ করে। এ ঘটনার পর এনসিপি নেতারা গাড়ি থেকে নেমে সড়কে বসে পড়েন।
মৌলভীবাজারের সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মো. ওয়াহিদুজ্জামান রাজু জানান, নিরাপত্তাজনিত কারণেই তাদের আটকে দেওয়া হয়েছে।
.png)





