কক্সবাজারে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে ২ বন্ধু নিহত

কক্সবাজার সদরে পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
শনিবার (৪ এপ্রিল) দুপুর দেড়টার দিকে উপজেলার ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—মো. জিসান (১৯) ও মো. আরাফাত (২১)। এদের মধ্যে রিসান কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের মুক্তারকুল এলাকার এবং আরাফাত একই ইউনিয়নের দরগা এলাকার বাসিন্দা।
এ ঘটনায় মো. সানি (১৯) নামে আরও একজন আহত হয়েছেন। সানি একই ইউনিয়নের মুক্তারকুল এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, এদিন দুপুরে মোটরসাইকেলযোগে তিন বন্ধু মিলে দরগা এলাকা থেকে বাংলাবাজার যাচ্ছিলেন। পতিমধ্যে খরুলিয়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় কক্সবাজারমুখী মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পিকআপের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গিয়ে তিন বন্ধু আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা জানিয়েছেন, আহত সানির অবস্থা আশঙ্কাজনক।
এ বিষয়ে রামু হাইওয়ে ক্রসিং থানার ইনচার্জ পরিদর্শক মো. নাছির উদ্দিন বলেন, ঘটনার পরপরই পিকআপ চালক দ্রুত পালিয়ে যায়। তবে পুলিশ মোটরসাইকেল জব্দ করেছে এবং নিহতদের লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।