অপরাধীর কোনো দল নেই, অপরাধ করলে ছাড় নেই: প্রিন্স

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, অপরাধীর কোনো দল নেই, অপরাধী যত প্রভাবশালীই হোক, অপরাধ করলে ছাড় নেই। যত প্রভাবশালীই হোক, অপরাধ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধারা ইউনিয়নের নগুয়া ইট খোলার মাঠে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টে সিজন-২ এর ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্থানীয় মাঝিয়াইল স্বপ্নপুরী একাদশ খেলার আয়োজন করে।
এসময় প্রিন্স বলেন, জান-মালের নিরাপত্তা বিধানে প্রতিশ্রুতিবদ্ধ প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ দমনে অত্যন্ত কঠোর ও দৃঢ় অবস্থানে রয়েছেন। মিরপুরে রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা, ভাঙচুর, দখলের প্রেক্ষিতে অভিযুক্ত এমপিকে পদত্যাগ করানো, বিএনপি ও অঙ্গ সংগঠনের কমিটি বিলুপ্ত ও অভিযুক্ত নেতাকর্মীদের দল থেকে বহিষ্কার, গ্রেপ্তার, থানার ওসি প্রত্যাহারের বিষয় উল্লেখ করে তিনি বলেন, দলীয় ও প্রশাসনিক ব্যবস্থার সঙ্গে আইনগত ব্যবস্থাও নেওয়া হচ্ছে।
প্রিন্স বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ দমনে কঠোর অবস্থানে রয়েছেন। অপরাধীর রাজনৈতিক পরিচয় বা প্রভাব বিবেচনা না করে অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে একটি মাদকমুক্ত, সুশৃঙ্খল ও সুস্থ সমাজ গঠনে তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় প্রতিটি ইউনিয়নে ৮ বিঘা জমির ওপর খেলার মাঠ এবং উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ক্রীড়া ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিনামূল্যে ক্রীড়া সামগ্রী দেওয়ার উদ্যোগ রয়েছে। ধোবাউড়ায় একটি ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার উদ্যোগও নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, কৃতি শিক্ষার্থীদের উৎসাহিত করতে সরকার বিনামূল্যে ল্যাপটপ এবং কৃতি ছাত্রীদের সাইকেল দেওয়ার উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে আগামী বছর থেকে ক্রিড়াকে বাধ্যতামূলক পাঠ্যক্রমের অংশ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এর লক্ষ্য হলো শিক্ষার্থীরা ছোটবেলা থেকেই খেলাধুলাকে শুধু বিনোদন হিসেবে নয়, ভবিষ্যতে একটি সম্ভাবনাময় পেশা হিসেবেও গ্রহণ করতে পারে।
তিনি বলেন, আধুনিক বিশ্বে খেলাধুলা একটি মর্যাদাপূর্ণ পেশা ও বড় অর্থনৈতিক ক্ষেত্র। আমাদের দেশের শিক্ষার্থীরাও যেন আন্তর্জাতিক অঙ্গনে ক্রীড়াবিদ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে, সে সুযোগ তৈরি করতে হবে।
সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, একটি খেলার মাঠ শুধু খেলাধুলার জায়গা নয়, এটি মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে তরুণদের দূরে রাখার কার্যকর মাধ্যম। তাই দল-মত নির্বিশেষে সবাইকে শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং তরুণ সমাজকে সুস্থ ও গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে ভূমিকা রাখতে হবে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রতি সর্বোচ্চ পেশাদারিত্ব, নিষ্ঠা, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
এসময় হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, জেলা যুবদলের সহসভাপতি তারিকুল ইসলাম চঞ্চল, উপজেলা কৃষক দলের সভাপতি আনোয়ার হোসেন, ছাত্রদলের আহ্বায়ক নাঈমুর আরিফিন পাপনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
