যারা মানুষকে হুমকি দেয়, তাদের বয়কট করতে হবে : সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও ১০-দলীয় নির্বাচনি ঐক্যের পঞ্চগড়-১ (তেঁতুলিয়া-সদর-আটোয়ারী) আসনের সংসদ সদস্য প্রার্থী সারজিস আলম বলেছেন, এই লড়াই চাঁদাবাজদের বিরুদ্ধে চলবে কি না, দখলদারদের বিরুদ্ধে চলবে কি না, মিথ্যা মামলার বাণিজ্য যারা করছে তাদের বিরুদ্ধে চলবে কি না, সবকিছু নির্ধারণ হবে এই নির্বাচনের মাধ্যমে। যারা মানুষকে হুমকি দেয়, হয়রানি করে তাদের বয়কট করতে হবে।
শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে পঞ্চগড় চিনিকল মাঠে আয়োজিত এক নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, আমাদের এই সংগ্রাম ২০২৪ সালের লড়াইকে স্বয়ংসম্পূর্ণ করার লড়াই। দেশের প্রতিটি মানুষের কাছে এই বার্তা পৌঁছে দিতে হবে। দিনে মাদকের বিরুদ্ধে কথা বলে রাতের আঁধারে মাদক ব্যবসা থেকে সুবিধা নেওয়া ব্যক্তিদের বয়কটের আহ্বান জানান।
শিক্ষাপ্রতিষ্ঠান প্রসঙ্গে তিনি বলেন, কিছু মানুষ দিনে শিক্ষার উন্নয়নের কথা বলে, আর রাতের আঁধারে নিজেদের দলীয় চাটুকারদের দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান ধ্বংসের পরিকল্পনা করে। এসব মানুষকে প্রতিহত করতে হবে।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম। আরও বক্তব্য দেন ১০ দলীয় নির্বাচনি ঐক্য সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মো. সফিউল আলম (সফিউল্লাহ সুফি) এবং জেলা জামায়াতে ইসলামীর আমির ইকবাল হোসাইনসহ অন্যরা।