logo

চাঁদা না দেওয়ায় কলেজছাত্রীসহ মা-বাবাকে বিএনপি নেতার হাতুড়িপেটা

চাঁদা না দেওয়ায় কলেজছাত্রীসহ মা-বাবাকে বিএনপি নেতার হাতুড়িপেটা

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় চাঁদা না দেওয়ায় এক ব্যক্তি, তার স্ত্রী ও তাদের কলেজপড়ুয়া মেয়েকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহত শামছুজ্জামান ভুট্টো জানান, গত শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে একই গ্রামের হান্নান তার কাছে প্রথমে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। পরে চাপ প্রয়োগ করে তা কমিয়ে ৫০ হাজার টাকা দাবি করা হয়। কিন্তু তিনি ওই টাকা দিতে অস্বীকৃতি জানালে বৃহস্পতিবার সন্ধ্যায় হান্নান ওরফে বাবলু, আব্দুল্লাহ ও আব্দুল জব্বারসহ কয়েকজন তার বাড়িতে হামলা চালান।

তিনি আরও বলেন, হামলাকারীরা তাকে, তার স্ত্রী ও কলেজপড়ুয়া মেয়েকে হাতুড়ি ও লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করেন। একপর্যায়ে তাদের মুমূর্ষু অবস্থায় ফেলে রেখে পালিয়ে যান। পরে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে দ্রুত মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

হাসপাতাল সূত্র জানায়, আহতদের মধ্যে কলেজপড়ুয়া মেয়েটির মাথা ও হাতে গুরুতর আঘাত লেগেছে। অন্য দুজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এ বিষয়ে বাঁশবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জানান, তিনি বিষয়টি জেনেছেন এবং ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের সঙ্গে কথা বলেছেন।

জাহাঙ্গীর বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধানের চেষ্টা চলছে।

ভৈরবা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অভিযুক্ত হান্নান ওরফে বাবলুও আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।